গাজীপুরের শ্রীপুরে ভাড়া বাসার একটি কক্ষ থেকে শাহীন হোসেন (৩২) নামে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতার লাশ উদ্ধার করা হয়েছে। তাকে শক্ত জিআই তার দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকার দুলাল মিয়ার বাড়ির চারতলার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শাহীন হোসেন উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নয়াগাঁও গ্রামের রতন মিয়ার ছেলে। তিনি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজাবাড়ী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
বাইরে থেকে তালাবদ্ধ ঘরে খাটের ওপর লাশ
নিহতের বড় ভাই আজাহার হোসেন জানান, “আমার ছোট ভাই শাহীন পাঁচ মাস আগে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর থেকে পরিবারের কারও সঙ্গে তার যোগাযোগ ছিল না। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তার বন্ধু আলমগীর হোসেন আমাকে ফোন দিয়ে জানায় শাহীনকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে আমরা ওই বাসায় গিয়ে দেখি সেটি বাইরে থেকে তালাবদ্ধ। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানাই। রাত ৮টার দিকে পুলিশ এসে ঘরের তালা ভেঙে খাটের ওপর শাহীনের লাশ পায়।”
আজাহার হোসেন আরও অভিযোগ করেন, “শাহীনের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। শক্ত জিআই তার গলায় পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এরপর দুর্বৃত্তরা বাসার বাইরে থেকে তালা দিয়ে পালিয়ে যায়।”
তদন্তে পুলিশ, ‘তরুণী’র সন্ধান
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, যে বাসা থেকে লাশ উদ্ধার করা হয়েছে সেটি বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করার পর খুনিরা পালিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে— এক তরুণীর সঙ্গে ওই ভাড়া বাসায় থাকতেন শাহীন। তবে ঘটনার পর থেকে ওই তরুণীকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান