আধিপত্য বিস্তার, রাজনৈতিক বিরোধ ও অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এর পাশাপাশি ধর্ষণের পর হত্যা এবং ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালকদের হত্যার ঘটনাও ঘটেছে। চলতি বছরের প্রথম নয় মাসে জেলায় ১০৩টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে অক্টোবর মাসে মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুই যুবদল নেতাসহ একাধিক হত্যাকাণ্ডের ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।
এদিকে, চলতি বছরের প্রথম ছয় মাসে পুলিশ ও র্যাব সদস্যদের লক্ষ্য করে অন্তত ১০টি হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। কোনো ঘটনায় অভিযানে গিয়ে পুলিশ সদস্যরা মারধরের শিকার হয়েছেন, কোথাও ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। আবার কোনো কোনো ঘটনায় আসামি ছিনিয়ে নেওয়া কিংবা সরকারি অস্ত্র কেড়ে নেওয়ার মতো ঘটনাও ঘটেছে।
তবে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, “বর্তমানে জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোই রয়েছে।”
তিনি আরও বলেন, “আমাদের প্রয়োজন অনুযায়ী জনবল, লজিস্টিক ও আবাসনসংকট রয়েছে। তারপরও আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী কাজ চালিয়ে যাচ্ছি। অপরাধীদের গ্রেপ্তারও করা হচ্ছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নারায়ণগঞ্জে ১০৩টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একই সময়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে সাতটি।
এদিকে, চলতি বছরের আগস্ট পর্যন্ত জেলায় ২১২টি চুরি, ৬৭টি ছিনতাই ও ৩৮টি ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ হাজার ৪২৬টি এবং নারী ও শিশু নির্যাতন আইনে ২৭০টি মামলা হয়েছে।
গত ১২ অক্টোবর সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনিতে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দল থেকে সংঘর্ষের সূত্রপাত বলে জানিয়েছিলেন পুলিশ ও স্থানীয় বাসিন্দারা।
এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করে হত্যা করেন প্রতিপক্ষের লোকজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিবিদ্ধ হয়ে সাহেব আলী সড়কের পাশের একটি খালে পড়ে যান। সেখানেও তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যান হামলাকারীরা। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর ছয় দিন পর রাতে রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়নের পাইসকা এলাকায় রিপন মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি ভোলাব ইউনিয়ন যুবদলের ৭ নম্বর ওয়ার্ডের সহসভাপতি ছিলেন। এ ঘটনায় স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন নিহতের পরিবারের সদস্যরা।
রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ূনও হত্যাকাণ্ডের পেছনে স্থানীয় আধিপত্যের বিরোধের কথা উল্লেখ করেন।
এর তিন দিন পর রাতে সোনারগাঁ উপজেলার চর কিশোরগঞ্জ এলাকায় হামলার শিকার হন জহির ফকির। নিজের ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়। জহির আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন।
জহির ফকিরের স্বজনদের অভিযোগ, আসন্ন কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা নিয়ে স্থানীয় এক ছাত্রদল নেতার সঙ্গে তাঁর বিরোধ চলছিল। এর আগে তাঁকে হুমকি দেওয়া হয়েছিল এবং তাঁর ওপর হামলাও হয়েছিল বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা।
গত ২০ মে রাত পৌনে একটার দিকে আড়াইহাজারের দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া এলাকার কাউন্দার চকে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গনিকে কুপিয়ে হত্যা করা হয়।
গত ১২ আগস্ট গৃহকর্মী কিশোরী মিমের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে যাওয়া হয়। স্বজনদের অভিযোগ, ধর্ষণের পর পাশবিক নির্যাতন চালিয়ে তাঁকে হত্যা করা হয়েছে।
এ ছাড়া গত ১১ অক্টোবর রূপগঞ্জে অনৈতিক কাজে রাজি না হওয়ায় রাবেয়া নামের এক নারী বাবুর্চিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে।
বছরের বিভিন্ন সময়ে একাধিক ব্যাটারিচালিত অটোরিকশার চালককে হত্যা করে তাঁদের গাড়ি ছিনিয়ে নেওয়ার ঘটনাও পুলিশের তদন্তে উঠে এসেছে।
রূপগঞ্জ ও সোনারগাঁয়ের সীমান্তবর্তী এলাকায় সোহেল (৪১) নামের এক শারীরিক প্রতিবন্ধী অটোরিকশাচালককে শ্বাসরোধে হত্যা করে তাঁর অটোরিকশাটি ছিনতাই করা হয়। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলার রহস্য উদ্ঘাটন করে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে।
আড়াইহাজারের জাঙ্গালিয়া এলাকায় হারুন (২০) নামের এক চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়। একইভাবে ওয়ালি উল্লাহ (২০) নামের আরেকজনকে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।
রূপসী-বাগবাড়ি সেতু এলাকায় রাজন মিয়া (২২) নামের এক তরুণ অটোরিকশাচালককে যাত্রীবেশে উঠে ছুরিকাঘাতে হত্যা করে তাঁর গাড়ি ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে।
রাজধানীর পাশের এই শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকার কমিশন ঢাকা দক্ষিণের সমন্বয়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। তাঁর মতে, বর্তমান পরিস্থিতির দ্রুত পরিবর্তন হবে, এমনটা মনে করার যথেষ্ট কারণ নেই।
মাসুমের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধের ঘটনাগুলো যথাযথভাবে পর্যবেক্ষণ ও প্রতিরোধ করতে পারছে না। আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও বাইরে থাকা অপরাধীদের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর উদ্যোগের ঘাটতি রয়েছে বলে মনে করেন তিনি।
তাঁর দাবি, কার কাছে কী ধরনের অস্ত্র রয়েছে, কারা সেগুলো ব্যবহার করছে এবং কোথায় কীভাবে অস্ত্র ব্যবহার করা হচ্ছে—এসব বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য সংগ্রহ করা উচিত। পাশাপাশি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা এবং ভবিষ্যতে প্রাণহানি ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, “৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর প্রশাসনের বিভিন্ন স্তরে দায়িত্ব পালনকারীদের কার্যক্রম পর্যবেক্ষণ করা প্রয়োজন। এ ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে থানাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ে যোগ্য কর্মকর্তা নিয়োগ ও কার্যকর তদারকি নিশ্চিত করতে হবে।”
স্থানীয় জনপ্রতিনিধিদেরও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
নারায়ণগঞ্জে ৯ মাসে ১০৩ খুন, উদ্বেগ বাড়ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে
আধিপত্য বিস্তার, রাজনৈতিক বিরোধ ও অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এর পাশাপাশি ধর্ষণের পর হত্যা এবং ব্যাটারিচালিত
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
যে কোনো প্রেক্ষাপটে কারখানা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
২বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
৩মিরপুরে শ্রমিক বিক্ষোভে সংঘর্ষ-আগুন, চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার
৪সহিংসতায় কিছু শিল্পমালিকের জড়িত থাকার অডিও-ভিডিও প্রমাণ মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
৫দেশ অস্থিতিশীল করতে পরাজিত শক্তি ষড়যন্ত্র চলছে: রিজভী
তুরাগে লাশ উদ্ধারের আগেই অতিরিক্ত ডিআইজি জহিরের বাসায় গ্রেপ্তার তৌসিফের বোন!
২এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
৩‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়
৪তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃতদেহ উদ্ধার
৫হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নিতে বলার নেপথ্যে কে, জানালেন শফিকুল আলম
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন