রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের সামনের সড়কে পর পর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টা ৫০ মিনিটের দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সেকেন্ড ইন কমান্ড (টুআইসি) মো. ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের সামনের সড়কের ইউটার্নে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পর পর দুটি ককটেল ছুড়ে বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় ক্ষণিকের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কোনো ব্যক্তি আহত হননি। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং আশপাশের নিরাপত্তা জোরদার করে।
বিকেলে বিটিভি ভবনের সামনেও বিস্ফোরণ
এর আগে একই দিন বিকেলে রামপুরায় অবস্থিত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। সেখানেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে পুলিশ জানিয়েছে। তবে একের পর এক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সামনে এই ধরনের নাশকতামূলক ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।
মিরপুরে ককটেল হামলায় যুবক দগ্ধ, শরীর পুড়েছে ২০%
এদিকে রাজধানীর মিরপুরে দুর্বৃত্তদের ছোড়া ককটেলের আঘাতে পাপন (২৮) নামে এক যুবক গুরুতর আহত ও দগ্ধ হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুরের একটি সড়কে হঠাৎ ককটেল বিস্ফোরণের পর পাপনের গায়ে আগুন ধরে যায়। স্থানীয়রা দ্রুত আগুন নিভিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
চিকিৎসকরা জানিয়েছেন, ককটেল বিস্ফোরণে পাপনের শরীরের প্রায় ২০ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, এসব নাশকতামূলক ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের গ্রেপ্তার করতে ডিএমপির একাধিক টিম কাজ করছে। ঘটনার পর থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি ও টহল জোরদার করা হয়েছে।
রাজধানীতে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত