বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে সার্বিক নিরাপত্তা জোরদার ও প্রবেশাধিকার নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এখন থেকে সচিবালয়ে কর্মরত সব কর্মকর্তা ও কর্মচারীকে অবস্থান ও প্রবেশের সময় তাঁদের নিজ নিজ পরিচয়পত্র (আইডি কার্ড) সার্বক্ষণিক দৃশ্যমান স্থানে ঝুলিয়ে বা প্রদর্শন করে রাখতে হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবালয় নিরাপত্তা শাখা থেকে জারি করা এক বিশেষ প্রজ্ঞাপনে এই কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণের তাগিদ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, “সচিবালয়ের অভ্যন্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ, অননুমোদিত প্রবেশাধিকার নিয়ন্ত্রণ এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে তাঁদের সচিবালয় প্রবেশ কার্ড (আইডি কার্ড) দৃশ্যমান স্থানে প্রদর্শন করা অত্যন্ত প্রয়োজন।”
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সচিবালয়ে প্রতিদিন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত স্থায়ী ও অস্থায়ী কর্মকর্তা-কর্মচারী ছাড়াও গুরুত্বপূর্ণ মিটিংয়ে অংশ নিতে সরকারি-বেসরকারি ব্যক্তিরা আসেন। এ ছাড়া ‘ওয়ান টাইম পাস’ (OTP) বা দর্শনার্থী পাসের মাধ্যমে প্রতিদিন বিপুলসংখ্যক সাধারণ মানুষ ও দর্শনার্থী এখানে প্রবেশ করেন।
বর্তমানে প্রধানমন্ত্রী প্রতিদিন সচিবালয়ে নিয়মিত অফিস করার বিষয়টি উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর নিয়মিত অফিস ও দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যাতায়াতের কারণে সচিবালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। আর তাই পরিচয় নিশ্চিত করার এই প্রাথমিক প্রক্রিয়াটিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
নিজ নিজ মন্ত্রণালয়কে তদারকির নির্দেশ
প্রজ্ঞাপনে সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব, সচিব ও বিভাগীয় প্রধানদের উদ্দেশে বলা হয়েছে, সচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে সেখানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের আবশ্যিকভাবে পরিচয়পত্র (আইডি কার্ড) সার্বক্ষণিক দৃশ্যমান রাখার জন্য নিজ নিজ মন্ত্রণালয়, বিভাগ ও অধীনস্থ দপ্তরে কর্মরত সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশনা বাস্তবায়নে সহযোগিতা করার অনুরোধ জানিয়ে প্রজ্ঞাপনে বলা হয়, নিরাপত্তা তদারকিতে থাকা কর্মকর্তারা যেকোনো সময় পরিচয়পত্র দেখতে চাইতে পারেন। পরিচয়পত্র দৃশ্যমান না থাকলে বা বৈধ কার্ড ছাড়া কাউকে ভেতরে পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সচিবালয় নিরাপত্তা সূত্র জানিয়েছে, আজ থেকেই গেটগুলোতে তল্লাশি ও পরিচয়পত্র চেক করার কাজ কঠোরভাবে শুরু হয়েছে। বৈধ কার্ড ছাড়া দর্শনার্থী ও সেবাগ্রহীতাদের প্রবেশের অনুমতি নেওয়ার প্রক্রিয়াও আগের চেয়ে কঠিন করা হচ্ছে।
রাজধানীতে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত