ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে তিনজন ভুয়া ভোটারকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট আনছারিয়া ফাজিল মাদ্রাসা ভোটকেন্দ্র থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন হিমেল, সিয়াম ও মিনহাজ। তাঁদের মধ্যে হিমেল আলিম দ্বিতীয় বর্ষের এবং সিয়াম ও মিনহাজ আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মুহাম্মদ আবু সায়েম বলেন, সবার সহযোগিতায় তিনজন ভুয়া ভোটারকে শনাক্ত করা হয়েছে। এ সময় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কেন্দ্রে এসে তাঁদের জিজ্ঞাসাবাদ করেছেন। আপাতত তাঁদের একটি কক্ষে আটকে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে সকাল আটটা থেকে উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের সারিতে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
এ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন বিএনপির মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম (হাতপাখা), খেলাফত আন্দোলনের আব্দুল আলিম নিজামী (বটগাছ) এবং বাংলাদেশ কংগ্রেসের হোসেন মোহাম্মদ ওমর ফারুক (ডাব)।
ঠাকুরগাঁও সদর, ভুল্লী ও রুহিয়া উপজেলার ২২টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তাঁদের মধ্যে নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৫৯ জন, পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ৪৭৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন।
নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিনজন বিচারিক ম্যাজিস্ট্রেট। এ ছাড়া এসআরবি সদস্য ১৯০ জন, আনসার সদস্য ২ হাজার ৪৬০ জন এবং পুলিশ সদস্য ২ হাজার ২৭২ জন দায়িত্ব পালন করছেন।
নিরাপত্তা নিশ্চিত করতে ২৪টি মোবাইল টিম, বিজিবির ২১ প্লাটুন সদস্য, ১২টি ড্রোন ও তিনটি ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে জয়ী হয়েছিলেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আসনটি শূন্য হলে উপনির্বাচনের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম জানান, ১৮৫টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড