মজুরি বৃদ্ধি, ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহাল এবং কালো তালিকাভুক্তি বন্ধসহ বিভিন্ন দাবিতে কয়েক দিনের চরম অসন্তোষের পর অবশেষে গাজীপুরের পোশাক কারখানাগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ ফিরে এসেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে কালিয়াকৈর উপজেলার শফিপুর, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ এবং গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস, কোনাবাড়ি, কাশিমপুর ও সালনা এলাকার কারখানাগুলোতে শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানশিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজকেও ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে মোতায়েন রয়েছে। এর মধ্যে রয়েছে ১২ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন আনসার এবং ৮ প্লাটুন এসআরবি (সশস্ত্র পুলিশ ব্যাটালিয়ন)। গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া) আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই শ্রমিকরা কারখানার নিজস্ব পরিবহন বা পায়ে হেঁটে কাজে যোগ দিতে কারখানায় প্রবেশ করেন। কারখানাগুলোর সামনে শ্রমিকদের স্বাভাবিক ও সারিবদ্ধ উপস্থিতি লক্ষ করা গেছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসেন জানান, সকাল থেকেই কারখানাগুলোর সামনে শ্রমিকদের সুশৃঙ্খলভাবে প্রবেশ করতে দেখা গেছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং শিল্পাঞ্চলের নিরাপত্তা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ ও যৌথ বাহিনীর টহল জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ শান্ত ও স্বাভাবিক রয়েছে।
এর আগে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহাল এবং আন্দোলনরত শ্রমিকদের কালো তালিকাভুক্ত করার প্রক্রিয়ার প্রতিবাদে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ব্যাপক বিক্ষোভ ও সংঘাত ছড়িয়ে পড়েছিল।
মোংলা বন্দরের আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী