পবিত্র রমজানের কথা বিবেচনায় নিয়ে এগিয়ে আনা হয়েছে অমর একুশে বইমেলা ২০২৭-এর সময়সূচি। আগামী ৭ জানুয়ারি শুরু হয়ে মাসব্যাপী এ আয়োজন শেষ হবে ৬ ফেব্রুয়ারি। প্রকাশকদের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলা একাডেমি।
রোববার (১৮ নভেম্বর) রাতে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমি জানায়, গত ১৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে বইমেলার আয়োজন নিয়ে প্রকাশকদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এতে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম।
সভায় অংশ নেওয়া প্রকাশকদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে ২০২৭ সালের বইমেলার তারিখ চূড়ান্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম।
প্রচলিত নিয়ম অনুযায়ী, অমর একুশে বইমেলা সাধারণত ১ ফেব্রুয়ারি শুরু হয়ে পুরো মাস চলে। তবে ২০২৬ সালে জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বাস্তবতার কারণে আয়োজনের সময়সূচিতে ব্যতিক্রম ঘটে। প্রথমে ওই বছরের বইমেলা ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। পরে সেই উদ্যোগ স্থগিত করা হয়। শেষ পর্যন্ত ২৬ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৫ মার্চ পর্যন্ত চলে ২০২৬ সালের বইমেলা।
তবে ফেব্রুয়ারির প্রচলিত সময়ের বাইরে আয়োজিত গত বছরের বইমেলা প্রত্যাশিত সাড়া পায়নি বলে মনে করেন প্রকাশকদের অনেকে। এ নিয়ে তাঁদের মধ্যে অসন্তোষও রয়েছে। এবার ফেব্রুয়ারির শুরুতেই পবিত্র রমজান শুরু হওয়ার সম্ভাবনা থাকায় প্রকাশকদের সঙ্গে আলোচনা করে মেলার আয়োজন প্রায় এক মাস এগিয়ে এনেছে বাংলা একাডেমি।
আজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফর সঙ্গী হচ্ছেন যারা