২০২৭ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বইয়ে প্রজ্ঞার প্রতীক হিসেবে ব্যবহৃত দাঁড়িপাল্লার ছবি নিয়ে বিতর্কের মুখে সেটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। সংশোধিত বইয়ে জ্ঞানের পিরামিডের চারটি স্তরের নাম থাকলেও কোনো প্রতীক বা আইকন রাখা হবে না।
রোববার বিষয়টি নিশ্চিত করেন এনসিটিবির সদস্য এ কে এম শওকত আলী খান। তিনি জানান, উপাত্ত, তথ্য, জ্ঞান ও প্রজ্ঞা—এই চারটি স্তরের নাম বইয়ে অপরিবর্তিত থাকবে। তবে সংশ্লিষ্ট চিত্রে কোনো আইকন ব্যবহার করা হবে না। আগামী শিক্ষাবর্ষে এই বিন্যাস অনুসরণ করা হবে। পরবর্তী বছরে বিষয়বস্তু আরও পরিমার্জন করা হবে, যাতে ভুল তথ্য প্রকাশের কোনো সুযোগ না থাকে।
এনসিটিবি সূত্রে জানা গেছে, ২০২৭ শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ের প্রায় ৩৮ লাখ কপি মুদ্রণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। এরই মধ্যে প্রায় ২০ লাখ কপি ছাপার কাজ সম্পন্ন হয়েছে। এসব বইয়ের একটি অংশ মাঠপর্যায়ে পাঠানোও হয়েছে।
তবে বিতর্কের জেরে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে বইটির মুদ্রণকাজ বন্ধ রাখার নির্দেশ দেয় এনসিটিবি। একই সঙ্গে ইতিমধ্যে বিভিন্ন এলাকায় পাঠানো বইগুলো ফিরিয়ে এনে প্রয়োজনীয় সংশোধনের পর আবার সরবরাহ করার সিদ্ধান্ত জানানো হয়।
বিতর্কের সূত্রপাত বইটির ‘উপাত্ত ও তথ্য’ অধ্যায়ে থাকা জ্ঞানের পিরামিডের একটি চিত্রকে কেন্দ্র করে। পিরামিডটিতে উপাত্ত, তথ্য, জ্ঞান ও প্রজ্ঞা—এই চারটি স্তর দেখানো হয়েছে। সেখানে প্রজ্ঞা বোঝাতে ব্যবহার করা হয়েছিল দাঁড়িপাল্লার ছবি, যা বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক ও নির্বাচনী প্রতীকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে শেষ পর্যন্ত ছবিটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় এনসিটিবি।
আজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফর সঙ্গী হচ্ছেন যারা