অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরীর করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলাটি অধিকতর তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বাদীপক্ষের নারাজির আবেদন গ্রহণ করে এ নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (২৫ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মামলার তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদীপক্ষের নারাজির আবেদনের শুনানি হয়। এ সময় সাক্ষীদের জবানবন্দিও গ্রহণ করেন আদালত। পরে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেওয়া হয়। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করেন ফ্যাশন ডিজাইনার সানায়া চৌধুরী। আদালত অভিযোগটি আমলে নিয়ে তদন্তের দায়িত্ব পিবিআইকে দিয়েছিলেন।
মামলার অভিযোগে বলা হয়, রাজধানীর গুলশানের ১২৭ নম্বর সড়কে সানায়া চৌধুরীর একটি ফ্যাশন হাউস ও স্টুডিও রয়েছে। ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে পরার জন্য তাঁর কাছ থেকে ৭৫ হাজার টাকা মূল্যের একটি শাড়ি নেন তানজিন তিশা। অনুষ্ঠান শেষে পরদিন শাড়িটি ফেরত দেওয়ার কথা থাকলেও তা আর ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ করেন বাদী।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, শাড়িটি ফেরত চেয়ে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর ফেসবুক মেসেঞ্জারে তানজিন তিশাকে বার্তা পাঠান সানায়া। এ নিয়ে কথা বলার পর তাঁকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। পরবর্তী সময়ে ২০২৫ সালের ১৩ ও ১৮ মার্চ দুটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তানজিন তিশার সঙ্গে দেখা হলে আবারও শাড়িটি ফেরত চান সানায়া। তবে তখনো সেটি ফেরত পাননি বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
সানায়ার অভিযোগ, পরে ১০ নভেম্বর মেসেঞ্জারে ফোন করে তানজিন তিশা তাঁকে মামলা করার পাশাপাশি সামাজিকভাবে হেয় করার হুমকি দেন। এ ঘটনায় ১২ নভেম্বর গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।
তবে এসব অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে উল্লেখ করে গত ২৫ মে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম। ওই প্রতিবেদনে তানজিন তিশাকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছিল। বাদীপক্ষ সেই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করলে আদালত এখন মামলাটি সিআইডির মাধ্যমে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন।
আজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফর সঙ্গী হচ্ছেন যারা