জানালার গ্রিল কেটে বাসায় ঢুকে ল্যাপটপ, মুঠোফোন, স্মার্টওয়াচ ও নগদ টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে চান না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। এর আগে ল্যাপটপ চুরির ঘটনায় থানায় গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হওয়ায় এবার আইনগতভাবে অভিযোগ নথিভুক্ত করতে আগ্রহী নন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে নিজের ফেসবুক পোস্টে চুরির বিষয়টি তুলে ধরেন অধ্যাপক সালেহ হাসান নকীব।
পোস্টে তিনি জানান, গত রাতে জানালার গ্রিল কেটে তাঁর বাসায় প্রবেশ করে চোর। এ সময় তাঁর কাছে আবেগের সঙ্গে জড়িয়ে থাকা তিনটি জিনিস—বাবার ব্যবহৃত একটি ল্যাপটপ, বাবার ব্যবহৃত একটি মুঠোফোন এবং কিছুদিন আগে ছোট ভাইয়ের উপহার দেওয়া একটি স্মার্টওয়াচ নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ছাড়া মানিব্যাগে থাকা কিছু টাকাও চুরি হয়েছে।
হারানো জিনিসগুলোর সঙ্গে ব্যক্তিগত স্মৃতি জড়িয়ে থাকায় মন খারাপের কথা জানিয়েছেন তিনি। ফেসবুক পোস্টে এই অধ্যাপক লেখেন, ‘তিনটি জিনিস, যার সাথে ইমোশনাল ভ্যালু জড়িয়ে ছিল। খারাপ লাগছে।’
চুরির ঘটনায় থানায় জিডি করার পরামর্শ দিয়েছেন অনেকে। তবে সে বিষয়ে নিজের অনাগ্রহের কথা স্পষ্ট করেছেন রাবির সাবেক উপাচার্য। এর কারণ হিসেবে অতীতে একই ধরনের ঘটনার পর থানায় গিয়ে পাওয়া অভিজ্ঞতার কথা উল্লেখ করেন তিনি।
সালেহ হাসান নকীব লেখেন, ‘থানায় ডায়েরি করতে বলছে অনেকে। আগ্রহ পাই না। এর আগে বেশ অনেক বছর আগে আরেকটি ল্যাপটপ চুরি হয়েছিল। থানায় ডাইরি করতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে, তাতে অরুচি হয়।’
আজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফর সঙ্গী হচ্ছেন যারা