খুলনার খালিশপুরে একটি মেস থেকে এক তরুণীর সঙ্গে মমতাজির বিল্লাহ (২৬) নামের এক যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় বাসিন্দারা। তিনি সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা গোলাম ফারুকের ছেলে।
রোববার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে নগরের খালিশপুর থানার মুজগুন্নি আবাসিক এলাকার একটি মেসে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, আবাসিক এলাকার একটি ভবনের চতুর্থ তলায় কয়েকজন তরুণ মেসে থাকেন। রোববার বিকেলে ওই মেসের একটি কক্ষে এক তরুণীকে নিয়ে প্রবেশ করেন মমতাজির বিল্লাহ। পরে তাঁদের আপত্তিকর অবস্থায় পাওয়ার অভিযোগ তুলে মেসের অন্য বাসিন্দারা দুজনকে আটকে রাখেন।
এ খবর ছড়িয়ে পড়লে ভবনটির সামনে উৎসুক স্থানীয়দের ভিড় জমে। পরে খবর পেয়ে খালিশপুর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই তরুণ ও তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় জামায়াত নেতাদের সূত্রে জানা গেছে, মমতাজির বিল্লাহর বাবা গোলাম ফারুক তালা উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মুজগুন্নি আবাসিক এলাকার একটি মেস থেকে দুজনকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।
আজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফর সঙ্গী হচ্ছেন যারা