রাষ্ট্রায়ত্ত আরও তিন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। ব্যাংক তিনটি হলো সোনালী, জনতা ও রূপালী ব্যাংক। এ নিয়ে ছয়টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।
সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে পাঠানো পৃথক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
চিঠিগুলোতে সোনালী ব্যাংকের এমডি শওকত আলী খান, জনতা ব্যাংকের এমডি মজিবর রহমান এবং রূপালী ব্যাংকের এমডি কাজী মো. ওয়াহিদুলের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলে সরকারের সম্মতির কথা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পরিচালনা পর্ষদগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে গত সেপ্টেম্বরে অগ্রণী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) ও বেসিক ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়।
এদিকে, সম্প্রতি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ১০ জন পরিচালককেও অপসারণ করেছে সরকার। তাঁদের মধ্যে কয়েকজন অন্তর্বর্তী সরকারের আমলে তিন বছরের মেয়াদে নিয়োগ পেয়েছিলেন।
আজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফর সঙ্গী হচ্ছেন যারা