চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ হিসেবে ২৯ নভেম্বর প্রস্তাব করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে ফল প্রকাশের চূড়ান্ত তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।
সমন্বয় কমিটির সূত্রে জানা গেছে, আগামী ২৫ থেকে ২৯ নভেম্বরের মধ্যে ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রস্তাবিত সময়সীমার মধ্যেই ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। সে ক্ষেত্রে ২৯ নভেম্বর ফল প্রকাশের সম্ভাবনা বেশি।
ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করতে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে। বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন চীনে অবস্থান করছেন। তিনি দেশে ফেরার পর এ বিষয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, মন্ত্রী দেশে ফেরার পর ২৩ বা ২৪ নভেম্বর ফল প্রকাশের তারিখ নির্ধারণ নিয়ে আলোচনা হতে পারে। প্রাথমিকভাবে ২৯ নভেম্বরকে সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আনুষ্ঠানিক ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
গত ২ জুলাই দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ৮ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। তবে বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডের পরীক্ষা পিছিয়ে যায়। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হলে সংশ্লিষ্ট বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।
এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। এসব পরীক্ষা নেওয়ার জন্য সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছিল। অংশ নেয় ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান।
আজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফর সঙ্গী হচ্ছেন যারা