সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা সংসদ সদস্য ও মন্ত্রী হন, আর সবচেয়ে দুর্নীতিবাজরা নেতৃত্বে আসেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদের হলরুমে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশের রাজনৈতিক পরিবেশ নিয়ে হতাশা প্রকাশ করে স্পিকার বলেন, ভালো মানুষের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। সংসদে রাজনীতি করার মতো উপযুক্ত পরিবেশও গড়ে তোলা সম্ভব হয়নি। তবে ভবিষ্যতে এ পরিস্থিতির পরিবর্তন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আওয়ামী লীগের শাসনামলের সমালোচনা করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, দেশ এখন আওয়ামী লীগের দুঃশাসন থেকে মুক্ত হয়েছে। আল্লাহর রহমতে আগামী দিনে দেশে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
অনুষ্ঠানে যুক্তরাজ্যে আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সম্পদ নিয়ে অভিযোগ তোলেন স্পিকার। তিনি দাবি করেন, দেশটিতে জাবেদের ৪০০টি বাড়ি বাজেয়াপ্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ সরকার এসব বাড়ির অবস্থান উল্লেখ করে চিঠি দেওয়ার পর ব্রিটিশ কর্তৃপক্ষ এ পদক্ষেপ নিয়েছে বলে জানান তিনি।
হাফিজ উদ্দিন আহমদের আরও দাবি, জাবেদের দুবাইয়ে ১০০টি, যুক্তরাষ্ট্রে প্রায় ৫০টি এবং কানাডায় ৩০ থেকে ৪০টি বাড়ি রয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষের অর্থ লুট করে এসব সম্পদ গড়ে তোলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
আওয়ামী লীগ টানা ১৭ বছর ক্ষমতায় থাকার সময় দলটির নেতা-কর্মীরা বিপুল সম্পদের মালিক হয়েছেন বলেও দাবি করেন স্পিকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছেলের যুক্তরাষ্ট্র, কানাডা এবং যুক্তরাজ্যে উল্লেখযোগ্য পরিমাণ সম্পদ রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
কানাডার বেগমপাড়ায় অর্থ পাচার করে সম্পদ গড়ে তোলার প্রসঙ্গ টেনে হাফিজ উদ্দিন আহমদ বলেন, কয়েকটি রাজনৈতিক দল সাধারণ মানুষের সম্পদ লুট করে নিজেদের ভাগ্য বদলেছে। সূত্র: বার্তা২৪, ইত্তেফাক
আজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফর সঙ্গী হচ্ছেন যারা