হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। রক্তশূন্যতার কারণে বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে হাসপাতালের একটি কেবিনে তাঁর চিকিৎসা চলছে। এ পর্যন্ত তাঁকে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।
ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নাজমুল হক ডিকেন জানান, কয়েক দিন ধরেই শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলেন মন্ত্রী। মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত একটি জনসভায়ও অংশ নেন তিনি। পরদিন সকালে অসুস্থতা বেড়ে গেলে তাঁকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।
নাজমুল হক ডিকেন আরও জানান, দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ভূমিমন্ত্রী। এর আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি। সেখানে চিকিৎসা শেষে দেশে ফেরেন।
বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টেও শারীরিক অসুস্থতার কথা জানান মিজানুর রহমান মিনু। পোস্টে তিনি লেখেন, ‘আমি অসুস্থ। আমার সুস্থতার জন্য প্রিয় রাজশাহীবাসীসহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। যাতে আল্লাহ তায়ালা আমাকে সুস্থতা দান করেন। দ্রুত সুস্থ হয়ে যেন জনসেবায় আত্মনিয়োগ করতে পারি।’
ভূমিমন্ত্রীর হাসপাতালে ভর্তির খবর পেয়ে তাঁকে দেখতে যান রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, স্বাস্থ্যসচিব আনম বজলুর রশীদ, রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি নজরুল হুদা ও ওয়ালিউল হক রানা। এ ছাড়া রাজশাহী জেলা ড্যাবের সভাপতি ডা. ওয়াসিম হোসেনসহ চিকিৎসক ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা হাসপাতালে গিয়ে তাঁর খোঁজখবর নেন।
আজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফর সঙ্গী হচ্ছেন যারা