হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা ও শুভ দীপাবলি উদযাপিত হচ্ছে আজ রবিবার (৮ নভেম্বর)। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত শ্যামাপূজা বা কালীপূজা অনুষ্ঠিত হয়ে থাকে। শক্তি ও শান্তির দেবী শ্যামা মায়ের আগমনে হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে পূজার আয়োজন চলছে এবং সর্বত্র আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
পৌরাণিক তাৎপর্য ও রূপ:হিন্দু পুরাণ মতে, দেবী কালী মূলত দুর্গারই একটি শক্তি। সংস্কৃত ভাষার ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি এবং কালীপূজা হলো মূলত শক্তির পূজা। জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়ের প্রতীক এই পূজা। কালী দেবী তার ভক্তদের কাছে শ্যামা, আদ্য মা, তারা মা, চামুণ্ডি, ভদ্রকালী ও দেবী মহামায়াসহ বিভিন্ন নামে পরিচিত। লোকবিশ্বাস অনুযায়ী, কালী শ্মশানের অধিষ্ঠাত্রী দেবী; এ কারণে বিভিন্ন অঞ্চলে শ্মশানে মহাধুমধামসহ শ্মশান কালীপূজাও অনুষ্ঠিত হয়।
দীপাবলি ও পূজার আচার:কালীপূজার দিন হিন্দু সম্প্রদায় সন্ধ্যায় তাদের বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্বালন করে স্বর্গীয় মা-বাবা এবং আত্মীয়স্বজনদের স্মরণ করেন, যা ‘দীপাবলি’ নামে পরিচিত। দুর্গাপূজার মতো কালীপূজায়ও গৃহে বা মণ্ডপে মৃন্ময়ী প্রতিমা নির্মাণ করে পূজা করা হয়। এ ছাড়া মন্দিরে বা গৃহে প্রতিষ্ঠিত প্রস্তরময়ী বা ধাতু প্রতিমাতেও এই পূজা অনুষ্ঠিত হয়। মধ্যরাত্রে তান্ত্রিক পদ্ধতিতে মন্ত্রোচ্চারণের মাধ্যমে প্রধান পূজা অনুষ্ঠিত হলেও গৃহস্থ বাড়িতে সাধারণত অতান্ত্রিক ব্রাহ্মণ্যমতে আদ্যাশক্তি কালীর রূপে এই পূজা সম্পন্ন করা হয়।
মন্দিরে মন্দিরে আয়োজন:রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা মন্দির, রায়েরবাজার মন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, সিদ্ধেশ্বরী কালীমন্দির, সবুজবাগ থানাধীন শ্রীশ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির, পুরান ঢাকার রাধাগোবিন্দ জিও ঠাকুর মন্দির, পোস্তগোলা মহাশ্মশান, তাঁতীবাজার, শাঁখারি বাজার ও বাংলাবাজারসহ দেশের বিভিন্ন মণ্ডপ ও মন্দিরে শ্যামাপূজা উদযাপিত হচ্ছে।
প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট হবে: ইসি সচিব