পবিত্র মদিনার মসজিদে নববীতে গত সেপ্টেম্বর মাসে মুসল্লি ও দর্শনার্থীর সমাগম হয়েছে ২ কোটি ১৬ লাখ ১৫ হাজার ৯৭৭ জনের। সৌদি আরবের ‘দুটি পবিত্র মসজিদের সেবা ও তত্ত্বাবধানবিষয়ক জেনারেল অথরিটি’ এ তথ্য জানিয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
জেনারেল অথরিটির পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর মাসে মসজিদে নববীর পবিত্র স্থান ‘রিয়াজুল জান্নাহ’ বা ‘আল-রওজা আল-শরিফা’য় নামাজ আদায় করেছেন ১৪ লাখ ৪৯ হাজার ৭৯১ জন মুসল্লি। এ ছাড়া ৩ লাখ ৫৫ হাজার ১৩০ জন দর্শনার্থী পথনির্দেশনা সেবা নিয়েছেন। অতিথি সেবা কেন্দ্রের সহায়তা গ্রহণ করেছেন আরও ২ লাখ ৮৭ হাজার ৮৮৬ জন।
মসজিদে নববীতে ধর্মীয় জ্ঞান ও ইতিহাস সম্পর্কে জানার সুযোগও নিয়েছেন বহু দর্শনার্থী। গত মাসে সেখানকার লাইব্রেরি পরিদর্শন করেছেন ৮১ হাজার ২৪৩ জন। পাশাপাশি মসজিদটির বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখেছেন ১ লাখ ৩৭ হাজার ৮৬৭ জন দর্শনার্থী।
জেনারেল অথরিটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিপুলসংখ্যক মুসল্লি ও দর্শনার্থীকে সেবা দেওয়ার এ পরিসংখ্যান প্রতিষ্ঠানটির ধারাবাহিক প্রচেষ্টা ও সেবার মানের প্রতিফলন। মসজিদে নববীতে সব বয়সী মুসল্লির জন্য সুশৃঙ্খল, নিরাপদ ও প্রশান্ত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাঁদের ধর্মীয় অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে মানসম্মত সেবা অব্যাহত রাখা হয়েছে।
আজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফর সঙ্গী হচ্ছেন যারা