অর্থপাচার প্রতিরোধ আইনে করা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার পর শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপরিদর্শক আশরাফুল হাসান দিলীপ কুমার আগরওয়ালাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার সন্ধ্যায় রাজধানীর বনানী এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মামলার এজাহার অনুযায়ী, ২০০৬ সালের ৬ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ডায়মন্ড ওয়ার্ল্ড ঋণপত্রের (এলসি) মাধ্যমে বিদেশ থেকে ৩৮ কোটি ৪৭ লাখ টাকার স্বর্ণের বার, অলংকার ও লুজ ডায়মন্ড আমদানি করেছে। একই সময়ে স্থানীয় বাজার থেকে কেনা, বিনিময় ও পরিবর্তনের মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রায় ৬৭৮ কোটি ১৯ লাখ টাকার স্বর্ণ ও হীরা সংগ্রহ এবং বাজারজাত করেছে বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়েছে, স্থানীয় বাজার থেকে সংগৃহীত বিপুল পরিমাণ স্বর্ণ ও হীরার উৎস সম্পর্কে বৈধ কাগজপত্র এবং সরবরাহকারীদের বিষয়ে গ্রহণযোগ্য তথ্য তদন্তকারীদের কাছে উপস্থাপন করা যায়নি। এ কারণে এসব স্বর্ণ ও অলংকারের একটি অংশ শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে দেশে আনা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় ২০২৫ সালের ১৭ নভেম্বর সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ও অর্গানাইজড ক্রাইম ইউনিটের পুলিশ পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান শেখ বাদী হয়ে গুলশান থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেন।
মামলাটিতে স্বর্ণ ও হীরা আমদানি, স্থানীয় বাজার থেকে সংগ্রহ এবং এসব লেনদেনের অর্থের উৎস নিয়ে তদন্ত চলছে। দিলীপ কুমার আগরওয়ালার এক দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এসব বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করবেন তদন্তকারীরা।
আজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফর সঙ্গী হচ্ছেন যারা