কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছেন তিন পর্যটক। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও দুজন। নিহত ও নিখোঁজ পাঁচজনই পুরুষ। তাঁদের বয়স ২৬ থেকে ৩০ বছরের মধ্যে বলে জানা গেছে।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজার শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে হিমছড়ি পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। রামু থানার অধীন হিমছড়ি পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সোমনাথ বসু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, পাঁচ পর্যটক ঢাকা থেকে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন। তবে এখন পর্যন্ত তাঁদের কারও নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
সোমনাথ বসু জানান, বিকেলে সমুদ্রে গোসল করতে নামার পর প্রবল ঢেউয়ের ধাক্কায় পাঁচ পর্যটক ভেসে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় সন্ধ্যা ৬টার দিকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। বাকি দুজনের সন্ধানে শেষ খবর পাওয়া পর্যন্ত তৎপরতা চলছিল।
উদ্ধার হওয়া মরদেহগুলো সৈকতের তীরে নিয়ে আসা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে জানিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, পরিচয় নিশ্চিত হওয়ার পর বিস্তারিত তথ্য জানানো হবে।
এদিকে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের আয়োজন চলছিল। উৎসবের ব্যস্ততার মধ্যেই শহর থেকে দূরে জনমানবহীন হিমছড়ি পয়েন্টে সমুদ্রে নেমে বিপাকে পড়েন ওই পাঁচ পর্যটক। তাঁদের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ অন্য দুজনের সন্ধান মেলেনি।
আজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফর সঙ্গী হচ্ছেন যারা