ফরিদপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে জেলার মধুখালী উপজেলার আড়কান্দি ও সদর উপজেলার কানাইপুরে দুর্ঘটনা দুটি ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ও আহত ব্যক্তিদের সবাই মাগুরা সদর উপজেলার বাসিন্দা। তাঁরা ফরিদপুরে রেড ক্রিসেন্টের একটি রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে অ্যাম্বুলেন্সে করে মাগুরায় ফিরছিলেন। নিহত ব্যক্তিদের একজনের নাম রাব্বি (২১)। অন্য নিহতদের পরিচয় এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি। আহত ব্যক্তিদের মধ্যে সাগর বিশ্বাস (২২) ও রিয়া (২১) রয়েছেন। তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকাগামী কিংফিশার পরিবহনের একটি বাসের সঙ্গে মাগুরাগামী একটি অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। উদ্ধারকাজ চলছে। পরে বিস্তারিত জানানো হবে।
অন্যদিকে, বিকেল চারটার দিকে ফরিদপুর-খুলনা মহাসড়কের সদর উপজেলার কানাইপুরের তেঁতুলতলা এলাকায় বালুবোঝাই ট্রাক, প্রাইভেট কার ও ব্যাটারিচালিত অটোরিকশার মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী সুমি আক্তার (৪০), তাঁর শিশুসন্তান শাওন (৮) ও অটোরিকশাচালক নিহত হন। এ ঘটনায় সুমির স্বামী পলাশ উদ্দিনসহ আরও দুজন আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
নিহত সুমি আক্তার ও তাঁর পরিবারের বাড়ি মাগুরার মোহাম্মদপুর থানার মহেশপুর গ্রামে। নিহত অটোরিকশাচালকের পরিচয় জানা যায়নি।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টাফ অফিসার শ্রীবাস বারুই জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
আজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফর সঙ্গী হচ্ছেন যারা