জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপনকে ঘিরে কুমিল্লার দেবিদ্বারে বিএনপির অভ্যন্তরীণ বিরোধ প্রকাশ্যে এসেছে। উপজেলা বিএনপির আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক ও সদস্যসচিবের স্বাক্ষরে পৃথক চিঠিতে একই দিনে দুটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দুই কর্মসূচির অতিথি তালিকাতেও রয়েছে ভিন্নতা। এ নিয়ে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে বিভক্তি আরও স্পষ্ট হয়েছে। এর মধ্যেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা বিএনপির সদস্যসচিব আবুল কালাম আজাদকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গতকাল শনিবার (৭ নভেম্বর) রাতে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আবুল হাশেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে বিজ্ঞপ্তিতে অভিযোগের বিস্তারিত উল্লেখ করা হয়নি।
অব্যাহতিপত্রে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ থাকায় আবুল কালাম আজাদকে দেবিদ্বার উপজেলা বিএনপির সদস্যসচিব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখতে শূন্য পদে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম সরকারকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
অব্যাহতির বিষয়ে আবুল কালাম আজাদ বলেন, দলের নীতি ও আদর্শ ধারণ করে ১৯৮৬ সাল থেকে ছাত্ররাজনীতির মাধ্যমে বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছেন তিনি। কমিটিতে দায়িত্ব পাওয়ার পর থেকেই হাইব্রিড নেতাদের দিয়ে দল গঠনের বিরোধিতা করে আসছেন। দুর্দিনে যারা রাজনীতির মাঠে ছিলেন, তাঁদের যথাযথ মূল্যায়নের দাবিও জানিয়েছেন।
তিনি আরও অভিযোগ করেন, একটি পক্ষ অর্থের বিনিময়ে দলীয় পদ-পদবি ও কমিটি বাণিজ্যের চেষ্টা করছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রত্যাশীদের কাছ থেকে অর্থ আদায়ের উদ্দেশ্যে দেবিদ্বার ছেড়ে দাউদকান্দিতে রাজনৈতিক কার্যালয় বা অবস্থানকেন্দ্র গড়ে তোলা হয়েছে। এসব কর্মকাণ্ডের বিরোধিতা করায় তাঁকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে তাঁর ধারণা।
সাবেক চারবারের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে দেবিদ্বারের বিএনপির রাজনীতির অভিভাবক উল্লেখ করে আবুল কালাম আজাদ বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে তাঁকে প্রধান অতিথি করা হয়েছে। তাঁর দল থেকে বহিষ্কারের একটি চিঠি প্রকাশিত হলেও কেন্দ্রীয় কার্যালয়ের রেজিস্টারে থাকা সারা দেশের ২২৪ জন বহিষ্কৃত নেতার তালিকায় তাঁর নাম নেই বলে দাবি করেন তিনি।
আবুল কালাম আজাদের অভিযোগ, একটি পক্ষ মঞ্জুরুল আহসান মুন্সী ও তাঁর অনুসারীদের রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে। তবে পদ থেকে অব্যাহতি পেলেও নির্ধারিত সময়ে তাঁদের কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
অন্যদিকে দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক জসীম উদ্দীন বলেন, সাংগঠনিক নিয়ম মেনেই তাঁরা কর্মসূচি ঘোষণা করেছেন। মঞ্জুরুল আহসান মুন্সীর দলের জন্য ত্যাগ রয়েছে এবং তাঁকে তাঁরা শ্রদ্ধা করেন। তবে তিনি দলের বহিষ্কৃত নেতা হওয়ায় কর্মসূচির প্রধান অতিথি করা সম্ভব নয়। এ কারণে তাঁদের আয়োজিত অনুষ্ঠানে সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হিরাকে প্রধান অতিথি করা হয়েছে। আজ রোববার বিকেলে নির্ধারিত সময়েই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দেবিদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম বলেন, দেবিদ্বার বিএনপির গ্রুপিং রাজনীতির কারণে তৃণমূলের নেতা-কর্মীরা হতাশ। দলকে এগিয়ে নিতে বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আবুল হাশেম বলেন, দেবিদ্বার উপজেলা বিএনপির সদস্যসচিব আবুল কালাম আজাদ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে গ্রুপিং সৃষ্টি করছেন এবং বিভিন্নভাবে নেতা-কর্মীদের বিভ্রান্ত করছেন। এতে সাংগঠনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিষয়গুলো দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে তাঁরা সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। তাঁদের অনুমতি নিয়েই আবুল কালাম আজাদকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট হবে: ইসি সচিব