ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত রাজধানী সানা ও আশপাশের এলাকায় সৌদি বাহিনীর ধারাবাহিক বিমান হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া দেশটির মোচা বন্দরে প্রায় ২০টি হামলার খবর পাওয়া গেছে। ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম আল-মাসিরাহ শনিবার (২৪ অক্টোবর) এসব তথ্য জানিয়েছে।
আল-মাসিরাহর প্রতিবেদনে বলা হয়েছে, সানাকে লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালানো হয়েছে। এর মধ্যে একটি হামলায় আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ঘটনায় অন্তত তিনজন নিহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
এ ছাড়া সানার একটি সিমেন্ট কারখানায় পৃথক বিমান হামলার ঘটনাও জানিয়েছে আল-মাসিরাহ। ওই হামলায় কয়েকজন নিহত ও আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের হুথিদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার ঘোষণা দেওয়ার পরপরই এসব হামলার খবর সামনে আসে। ক্ষেপণাস্ত্র দুটি সৌদি আরবের পশ্চিমাঞ্চলের তায়েফ ও ইয়ানবু শহরের দিকে ছোড়া হয়েছিল বলে জানিয়েছিল জোট।
এর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ দেশটির পশ্চিমাঞ্চলের চারটি অঞ্চলে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কতা জারি করে। সতর্কতার আওতায় ছিল পবিত্র নগরী মক্কা এবং জেদ্দা, তায়েফ ও ইয়ানবু শহর।
২০১৫ সালে ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। দীর্ঘদিনের এই সংঘাত দেশটির ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ও মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে। এর ফলে ইয়েমেন বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের মুখে পড়ে।
২০২২ সালে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সংঘাতের তীব্রতা অনেকটা কমে এসেছিল। তবে মধ্যপ্রাচ্যজুড়ে বিস্তৃত যুদ্ধের উত্তেজনার মধ্যে গত জুলাইয়ে ইয়েমেনের সংঘাত আবারও তীব্র আকার ধারণ করে।
আজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফর সঙ্গী হচ্ছেন যারা