সৌদি আরবের মক্কা ও মদিনা অঞ্চলের দুটি শহরকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে ইয়ানবু ও তায়েফ অভিমুখে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র দুটি আকাশেই ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি।
বিবৃতিতে আল-মালিকি জানান, হুথি মিলিশিয়াদের নিক্ষেপ করা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মদিনা অঞ্চলের উপকূলীয় শহর ইয়ানবু এবং মক্কা অঞ্চলের পাহাড়ি শহর তায়েফের দিকে যাচ্ছিল। সৌদি বাহিনী সেগুলো শনাক্ত করে প্রতিহত ও ধ্বংস করেছে। তবে হামলায় কেউ হতাহত হয়েছেন কি না কিংবা কোনো স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে জোটের পক্ষ থেকে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে একের পর এক হামলার ঘটনা এবং হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই সর্বশেষ এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটল।
ইয়েমেনের সংঘাতে ২০১৫ সাল থেকে দেশটির পশ্চিমা-সমর্থিত সরকারি বাহিনীর পক্ষে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। ইরান-সমর্থিত এই বিদ্রোহী গোষ্ঠী ২০১৪ সাল থেকে ইয়েমেনের রাজধানী সানা ছাড়াও দেশটির আরও কয়েকটি এলাকার নিয়ন্ত্রণ ধরে রেখেছে।
আজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফর সঙ্গী হচ্ছেন যারা