আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার খবর প্রকাশের পর মঙ্গলবার (৩ নভেম্বর) লেনদেনের শুরুতেই বিশ্ববাজারে ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের অপরিশোধিত তেলের দর ঊর্ধ্বমুখী হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার তথ্য অনুযায়ী, মঙ্গলবার গ্রিনিচ মান সময় রাত ১টা ৪ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম আগের অবস্থানের তুলনায় ব্যারেলপ্রতি ৪৮ সেন্ট বা ০.৫ শতাংশ বেড়ে ১০৫ ডলার ২৫ সেন্টে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ৪৭ সেন্ট বা ০.৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ৯৬ ডলার ৯৩ সেন্টে।
এর আগে সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের পতন দেখা গিয়েছিল। সেদিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮ ডলার ৬৬ সেন্ট বা ৭ দশমিক ৬৩ শতাংশ কমে যায়। দিন শেষে প্রতি ব্যারেল ব্রেন্ট তেলের দাম দাঁড়ায় ১০৪ ডলার ৭৭ সেন্টে।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা এই সামরিক অভিযানকে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। তাঁদের ভাষ্য, হরমুজ প্রণালিতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা চালানোর সক্ষমতা কমিয়ে আনাই ছিল অভিযানের অন্যতম উদ্দেশ্য।
জ্বালানি তেলের আন্তর্জাতিক সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নতুন করে সামরিক উত্তেজনা তৈরি হওয়ায় বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে।
মর্নিং টাইমস/ এআর
আশুলিয়ায় ফের দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ কারখানায় ছুটি