রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি এলাকায় এক রাতেই ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঢাকার বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণের পাশাপাশি দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া মানিকগঞ্জ, ধামরাই ও খাগড়াছড়িতে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর আদাবর, শাহবাগ, বিমানবন্দর, খিলগাঁও, মিরপুরের কালশী ও রাজারবাগ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনার কয়েকটিতে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের জড়িত থাকার তথ্য জানিয়েছে পুলিশ।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের ভেতরে একটি ককটেল বিস্ফোরিত হয়। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আশপাশের কোনো ভবনের ছাদ অথবা নিচের কোনো স্থান থেকে ককটেলটি নিক্ষেপ করা হয়ে থাকতে পারে।
রাত ৯টা ৫ মিনিটের দিকে আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। বিস্ফোরণের পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সেকেন্ড ইন কমান্ড-টুআইসি) ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
এরপর রাত ১০টা ২০ মিনিটের দিকে শাহবাগ থানাধীন আইবি গেটের সামনে পুলিশের একটি ডিউটি গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা। পরে তারা পালিয়ে যায়। রাত ১২টা ১ মিনিটের দিকে শাহবাগের জুলাই চত্বরের পাশেও আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। শাহবাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আব্দুল খালেক এসব তথ্য নিশ্চিত করেছেন।
রাত পৌনে ১২টার দিকে রাজধানীর বিমানবন্দর গোলচত্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার জানান, উড়ালসড়ক থেকে কে বা কারা ককটেল দুটি নিক্ষেপ করে পালিয়ে যায়।
এ ছাড়া রাতে মিরপুরের কালশী মোড়ে নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার একটি ভিডিওতে মোটরসাইকেলে আসা ব্যক্তিদের বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত চলে যেতে দেখা গেছে।
মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, কারা এ বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে রাজধানীর প্রগতি সরণির কোকাকোলা ক্রসিং এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বাসটি সাভার-নতুন বাজার রুটে চলাচল করত। নতুন বাজারে যাত্রী নামানোর কিছুক্ষণ পর দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে পরিবহন কোম্পানির কর্মকর্তারা কিছু জানাতে পারেননি।
রাত সাড়ে ৯টার দিকে রায়েরবাজার কাঁচাবাজার আড়তের সামনে এ জে আর কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়। এতে গাড়িতে থাকা অধিকাংশ মালামাল ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়।
অন্যদিকে শুক্রবার দুপুরে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের একটি পরিত্যক্ত বাসে আগুন লাগে। রমনা থানার ওসি মো. ইয়াছিন মিয়া জানান, বিড়ি বা সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এটি নাশকতার ঘটনা নয়। ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেও কাউকে আগুন লাগাতে দেখা যায়নি। প্রত্যক্ষদর্শীরাও এমন কিছু দেখেননি। তাঁর মতে, এটি দুর্ঘটনা।
ধামরাই
ঢাকার ধামরাইয়ে পল্লী সেবা পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় স্কয়ার হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হননি।
শনিবার (৭ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আল আমিন।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, বাসে আগুন লাগার খবর পেয়ে রাত আড়াইটার দিকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তাঁদের প্রচেষ্টায় রাত ৩টা ২০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নেভানো হয়।
খাগড়াছড়ি
খাগড়াছড়ি পৌর শহরের মহাজনপাড়া এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসে আগুন দেওয়া হয়েছে। শনিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছানোর আগেই বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
বিআরটিসি টিকিট কাউন্টারের টিকিট বিক্রেতা বিদ্যুৎ চাকমা জানান, ভোর ৪টার দিকে তাঁকে ফোন করে বাসে আগুন লাগার খবর দেওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনি বাসটি সম্পূর্ণ পুড়ে যেতে দেখেন। তবে কারা আগুন দিয়েছে, তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, ভোর ৪টা ২৫ মিনিটে খবর পেয়ে তাঁদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের পর খাগড়াছড়ি জেলা বিএনপির নেতারাসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। পাশাপাশি সারা দেশে মব সৃষ্টি করে অরাজকতা ছড়ানো একটি চক্রও তাঁদের সহায়তা করতে পারে বলে মন্তব্য করেন তিনি।
মানিকগঞ্জ
মানিকগঞ্জের সাটুরিয়ায় গভীর রাতে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসটি একটি পোশাক কারখানার শ্রমিকদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো। আগুনে বাসটি পুড়ে গেলেও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না এলাকায় এ ঘটনা ঘটে। তবে কারা বা কী উদ্দেশ্যে বাসটিতে আগুন দিয়েছে, তা জানা যায়নি।
রাজধানীসহ বিভিন্ন এলাকায় নাশকতা, ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন
রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি এলাকায় এক রাতেই ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঢাকার বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণের পাশাপাশি দুটি বাসে আগুন দেওয়া
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
যে কোনো প্রেক্ষাপটে কারখানা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
২সীমান্তের ওপার থেকেও ষড়যন্ত্র হচ্ছে দেশের বিরুদ্ধে: তারেক রহমান
৩সচিবালয়ে সার্বক্ষণিক পরিচয়পত্র প্রদর্শনের নির্দেশ
৪সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
৫টাঙ্গাইলে ধর্ষণের পর ইট দিয়ে মুখ থেঁতলে দেয়া সেই শিশুকে প্রতিমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর
তুরাগে লাশ উদ্ধারের আগেই অতিরিক্ত ডিআইজি জহিরের বাসায় গ্রেপ্তার তৌসিফের বোন!
২সাংবাদিকের ডান হাতে সমস্যা, তবু ‘ব্যাডটাচের’ অভিযোগ পরীমনির
৩এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
৪পরমাণু হামলা চালাবে যুক্তরাষ্ট্র, নাগরিকদের সতর্ক করল ইরান
৫‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়
সীমান্তের ওপার থেকেও ষড়যন্ত্র হচ্ছে দেশের বিরুদ্ধে: তারেক রহমান