গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পর সেই রায় অস্বীকার করে সরকারপ্রধান জনগণের সঙ্গে দ্বিচারিতা ও গাদ্দারি করেছেন বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিঞা গোলাম পরওয়ার। সরকারের বর্তমান রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে তিনি বলেছেন, বিএনপি এখন আওয়ামী লীগের পথ অনুসরণ করছে।
সোমবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ‘রক্তে ভেজা ২৮ শে অক্টোবর, ফ্যাসিবাদের উত্থান, কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।
মিঞা গোলাম পরওয়ার অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে যেভাবে বিরোধী দলকে আক্রমণ ও দমনের চেষ্টা করা হতো, বর্তমান সরকারের কর্মকাণ্ডেও তেমন প্রবণতা দেখা যাচ্ছে। তাঁর মতে, এ ধরনের কর্মকাণ্ড আগের সরকারের সঙ্গে বর্তমান সরকারের রাজনৈতিক অবস্থানের মিল তুলে ধরছে।
২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনার বিচার দাবি করে জামায়াতের এই নেতা বলেন, সেদিনের লোগি-বৈঠার তাণ্ডবের ঘটনায় দায়ের করা মামলার নথি পুনরুজ্জীবিত করে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে। তা নিশ্চিত করা না গেলে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে নীতিগত কোনো পার্থক্য থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।
সংবিধান সংশোধনের প্রসঙ্গে মিঞা গোলাম পরওয়ার বলেন, বর্তমান সরকারের বিদ্যমান সংবিধান সংশোধনের নৈতিক ও সাংবিধানিক এখতিয়ার নেই। নতুন রাজনৈতিক ও আইনি সংকট এড়াতে তিনি অবিলম্বে গঠিত ‘সংবিধান সংশোধন কমিটি’ বাতিলের আহ্বান জানান। একই সঙ্গে সরকারকে এ উদ্যোগ থেকে সরে আসার পরামর্শ দেন তিনি।
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ‘নির্মূল অভিযান’ চালাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ তদন্ত দল