হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে ১২ কেজি ভেজা স্বর্ণ পেস্ট উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। উদ্ধার করা স্বর্ণ পেস্টের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ কোটি টাকা।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৫টা ১৫ মিনিটে দুবাই থেকে আসা এমিরেটসের ফ্লাইট ইকে-৫৮৬-এর যাত্রীদের ওপর নজরদারি চালিয়ে এসব স্বর্ণ পেস্ট উদ্ধার করা হয়।
ঢাকা কাস্টমস হাউস সূত্রে জানা যায়, ইমিগ্রেশন শেষে ব্যাগেজ বেল্ট-২-এ আসেন চেন লিউইউন ও মো শিয়াওইউ নামের দুই যাত্রী। এ সময় তাঁদের তল্লাশি করে জিন্সের প্যান্ট ও অন্তর্বাসের ভেতরে কাপড় দিয়ে সেলাই করে লুকিয়ে রাখা নরম, হলুদ রঙের স্বর্ণ পেস্ট উদ্ধার করা হয়।
উদ্ধার করা স্বর্ণ পেস্টের মোট ওজন ১২ কেজি। ভেজা অবস্থায় পেস্ট আকারে থাকা এসব স্বর্ণের বিশুদ্ধতা প্রাথমিক পরীক্ষায় ২৪ ক্যারেট বলে নিশ্চিত করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ কোটি টাকা।
এ ঘটনায় দুই যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং ফৌজদারি আইনে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে ঢাকা কাস্টমস হাউস।
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করতে চাই: প্রধানমন্ত্রী