প্রতিপক্ষের সঙ্গে তর্কের সময় মুখ ঢেকে কথা বলায় শাস্তি পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে বাহিয়ার বিপক্ষে ম্যাচে ‘ভিনি জুনিয়র প্রটোকল’ লঙ্ঘনের দায়ে তাঁকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে দেশটির ক্রীড়া বিচারবিষয়ক সর্বোচ্চ আদালতের (এসটিজেডি) শৃঙ্খলা কমিটি। এর সঙ্গে সরাসরি লাল কার্ডের কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞা যোগ হওয়ায় সব মিলিয়ে সান্তোসের পরবর্তী তিন ম্যাচে খেলতে পারবেন না তিনি।
আজ শুনানি শেষে সংখ্যাগরিষ্ঠ ভোটে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নেইমারের ক্লাব সান্তোস চাইলে এ শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবে।
ঘটনাটি ব্রাজিলিয়ান লিগের ৩২তম রাউন্ডে সান্তোস ও বাহিয়ার ম্যাচের। দ্বিতীয়ার্ধ শুরুর আগে বাহিয়ার ফুটবলার রদ্রিগো নেস্তরের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন নেইমার। একপর্যায়ে হাত দিয়ে নিজের মুখ ঢেকে কথা বলেন সান্তোসের এই তারকা। ‘ভিনি জুনিয়র প্রটোকল’-এর আওতায় তাঁকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।
ম্যাচের অফিশিয়াল রিপোর্ট অনুযায়ী, লাল কার্ড দেখার পরও শান্ত হননি নেইমার। নেস্তরের মুখোমুখি হতে তিনি বাহিয়ার বেঞ্চের দিকে ছুটে যান। এতে মাঠে উত্তেজনা আরও বেড়ে যায়।
নেইমারের বিরুদ্ধে ব্রাজিলের ক্রীড়া বিচারবিধির ১৯১ নম্বর অনুচ্ছেদের দ্বিতীয় ধারায় অভিযোগ আনা হয়। এ ধারায় সংশ্লিষ্ট ক্রীড়া কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। শৃঙ্খলা কমিটির মতে, নেইমারের আচরণ ফিফার শৃঙ্খলাবিধিতে নির্ধারিত ‘ভিনি জুনিয়র প্রটোকল’-এর ৭ নম্বর বিধান লঙ্ঘন করেছে।
বর্ণবাদী মন্তব্যসহ আপত্তিকর কথাবার্তা আড়াল করে বলার প্রবণতা ঠেকাতে মুখ ঢেকে কথা বলার বিরুদ্ধে এ প্রটোকল কার্যকর করা হয়েছে।
সরাসরি লাল কার্ড দেখায় নেইমারের এক ম্যাচের স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা ছিলই। নতুন করে দুই ম্যাচ নিষিদ্ধ হওয়ায় সব মিলিয়ে তিন ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।
এ শাস্তির কারণে নভেম্বরে ফিফার আন্তর্জাতিক বিরতির পরও একটি ম্যাচে খেলতে পারবেন না নেইমার। তবে লিগের শেষ তিন রাউন্ডে তাঁকে আবার দলে পাওয়ার আশা করছেন সান্তোসের কোচ কুকা।
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করতে চাই: প্রধানমন্ত্রী