বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তাঁর জুনিয়র বন্ধু শাহরিয়ার দ্বীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। জিজ্ঞাসাবাদে দ্বীপ দাবি করেছেন, কয়েকজন ব্যক্তি ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেন। আর তিনি সেখান থেকে পালিয়ে আসেন।
দ্বীপের বক্তব্য তুলে ধরে পিবিআই কর্মকর্তারা বলেন, ‘সেদিন আমরা ঘটনাস্থলে কথা বলছিলাম। এ সময় কিছু লোক ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেন। আর আমি পালিয়ে আসি।’
পিবিআই কর্মকর্তাদের ধারণা, তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকায় মাদক কারবারিদের ধাওয়ার মুখে পড়ে নদীতে ঝাঁপ দিয়েছিলেন তাহসিফ। এলাকাটি মাদকের স্পট হিসেবে পরিচিত। তবে দ্বীপের কাছ থেকে পাওয়া তথ্যসহ অন্যান্য বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে।
এদিকে বৃহস্পতিবার সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। পিবিআই জানিয়েছে, মোটরসাইকেলটি তাহসিফ সাউরির। তুরাগ নদ থেকে আনুমানিক ৫০ গজ দূরে মাজার বস্তি এলাকায় এটি পাওয়া যায়।
পিবিআই আরও জানায়, বিমানবাহিনীর সাবেক এই কর্মকর্তার মৃত্যুর ঘটনায় করা মামলাটির তদন্ত করছে নৌ পুলিশ। ঘটনাটির গুরুত্ব বিবেচনায় পিবিআই ছায়া তদন্ত চালানোর পাশাপাশি নৌ পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতা করছে। ছায়া তদন্তে পাওয়া তথ্য-উপাত্ত পরবর্তী সময়ে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
গত মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন তাহসিফ সাউরি। পরদিন বুধবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে যায় নৌ পুলিশ। পরে বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরখানে তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, উদ্ধারের সময় তাহসিফের পরনে সাদা পাজামা ও কালো জামা ছিল। তাঁর হাতে একটি ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। ওই ফোনের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।
তাহসিফের বাবা জানান, গত ২৭ অক্টোবর সারাদিন পরিবারের সদস্যদের জন্য কেনাকাটা করেছিলেন তাহসিফ। সন্ধ্যার পর দ্বীপ নামের এক জুনিয়রের ডাকে বাসা থেকে বের হন তিনি। এরপর আর ফিরে আসেননি।
এদিকে, মৃত্যুর আগে তাহসিফের গতিবিধির একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। ফুটেজে দেখা যায়, বন্ধু দ্বীপের সঙ্গে হাত মেলাচ্ছেন তাহসিফ। এরপর তাঁরা আলাদা মোটরসাইকেলে করে বাসা থেকে বের হন। তাহসিফের মৃত্যুর ঘটনাকে ঘিরে নানা প্রশ্নের মধ্যে ফুটেজটি নতুন করে আলোচনায় এসেছে।
‘কিছু লোক ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেয়, আর আমি পালিয়ে আসি’