চট্টগ্রামের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে শিক্ষাসফরের একটি বাস উল্টে যাওয়ার মর্মান্তিক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ থেকে ১৫ জন।
শনিবার (৭ নভেম্বর) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুনিয়া বটতল কেরানীহাট রেলবিটের প্রায় ৩০০ গজ দক্ষিণে এই দুর্ঘটনা ঘটে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার জানান, তিশা পরিবহনের বাসটি কুমিল্লার বুড়িচং উপজেলার নিউ মার্কেট এলাকা থেকে বাক্সিমুল ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে কক্সবাজারের উদ্দেশে শিক্ষাসফরে রওনা হয়েছিল। পথিমধ্যে সাতকানিয়ায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নির্ধারিত লেন অতিক্রম করে সড়কের পশ্চিম পাশের খাদে পড়ে উল্টে যায়।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে কেরানীহাটের বিভিন্ন হাসপাতাল ও সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৬) ও সোহানা আফরোজ (৪৫) নামের দুজনকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাতকানিয়া ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে রয়েছে এবং মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সীমান্তের ওপার থেকেও ষড়যন্ত্র হচ্ছে দেশের বিরুদ্ধে: তারেক রহমান