খাগড়াছড়িতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা মো. যুবরাজ নামের এক চালক আহত হয়েছেন।
আজ শনিবার (৭ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে শহরের মহাজন পাড়ার সড়কের পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আহত বাসচালক মো. যুবরাজ জানান, ঘটনার সময় তিনি বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ আগুনের তীব্র তাপে ঘুম ভেঙে গেলে তিনি বাসে আগুন জ্বলতে দেখেন এবং চিৎকার শুরু করেন। এ সময় দুর্বৃত্তরা একই লাইনে দাঁড়িয়ে থাকা আরেকটি বিআরটিসি বাসেও পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা চালায়, তবে সেটিতে আগুন ধরাতে ব্যর্থ হয়। পরে সেই বাসটি নির্ধারিত সময়ে সকাল সোয়া ৭টায় চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, ভোর সাড়ে ৪টার দিকে বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। টিকেট মাস্টার বিদ্যুৎ জ্যোতি চাকমাও ফায়ার সার্ভিসের কর্মসৈনিকদের দ্রুত উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেন।
রাজনৈতিক প্রতিক্রিয়া:এই ঘটনার জন্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগকে দায়ী করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার। তিনি মন্তব্য করেন, এটি আওয়ামী লীগ সন্ত্রাসীদেরই কাজ এবং এর পেছনে সারা দেশে মব সৃষ্টিকারীরা রসদ জুগিয়েছে।
পুলিশের বক্তব্য:খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আগুন দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
সীমান্তের ওপার থেকেও ষড়যন্ত্র হচ্ছে দেশের বিরুদ্ধে: তারেক রহমান