সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ ঘটনার সমালোচনা করে ধর্মের নামে মানুষের স্বাধীনতা ও বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
শ্রীলেখা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), চ্যাটজিপিটি ও রোবট প্রযুক্তির মাধ্যমে বিশ্ব যখন অভাবনীয় অগ্রগতি অর্জন করছে, তখনও ধর্মের দোহাই দিয়ে মানুষের ভালোবাসা, স্বাধীনতা এবং জীবনধারণের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। একটি মসজিদে চুম্বন করার অপরাধে সৌদি আরবে দুজন মানুষের শিরশ্ছেদের খবরকে তিনি ভয়াবহ বলে উল্লেখ করেন।
ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে নিজের অবস্থান তুলে ধরে অভিনেত্রী বলেন, তাঁর কাছে ভালোবাসার চেয়ে বড় কোনো ধর্ম নেই। তাঁর বিশ্বাস, সব ধর্মের মূল শিক্ষা ভালোবাসা। ধর্মের নামে ভয়, বিদ্বেষ ও সহিংসতা ছড়ানো মানুষের সৃষ্টি, ঈশ্বরের নয়। ইসলাম, হিন্দুধর্ম কিংবা খ্রিষ্টধর্ম—যে ধর্মের নামই ব্যবহার করা হোক না কেন, মৌলবাদ ও ধর্মীয় উন্মাদনাকে তিনি সমানভাবে ঘৃণা করেন।
এ ধরনের শাস্তির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন শ্রীলেখা। তাঁর প্রশ্ন, ভালোবাসার কারণে আজও কেন দুজন মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হবে? সৌদি আরব, ইরান কিংবা বিশ্বের অন্য কোনো স্থানে মানুষের স্বাধীনতা ও জীবনের অধিকার ক্ষুণ্ন হলে প্রতিবাদ কি কেবল সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি পোস্টেই সীমাবদ্ধ থাকবে—তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।
ঘটনাগুলো তাঁকে গভীরভাবে নাড়া দেয় জানিয়ে অভিনেত্রী বলেন, অন্য অনেকের মতো কোনো ঘটনা সহজে ভুলে গিয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া তাঁর পক্ষে সম্ভব হয় না। নিজেকে হয়তো পুরোনো সময়ের মানুষ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, পৃথিবীর নিষ্ঠুরতা পুরোনো আত্মাদের বেশি কষ্ট দেয়। তাঁর মতে, মানুষের জীবনের চেয়ে বড় কোনো ধর্ম হতে পারে না।
প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর সৌদি আরবে মসজিদুল হারামে ব্যভিচারের অপরাধে নজরুল ও সিঁতি নামে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ঘটনার খবর সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমের মাধ্যমে দেশজুড়ে ছড়িয়ে পড়ে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকার এর আগে ২ হাজার ৫০০ বন্দির একটি তালিকা বাংলাদেশকে দিয়েছিল। ওই তালিকায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির নামও অন্তর্ভুক্ত ছিল।
আজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফর সঙ্গী হচ্ছেন যারা