গাজীপুর শিল্পাঞ্চলে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে রয়েছেন ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাঁদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও আনসারসহ ২৫ প্লাটুন যৌথ বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
আজ বুধবার (৪ নভেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পর্যায়ক্রমে ম্যাজিস্ট্রেট ও ফোর্স বাড়ানো হয়েছে। গত সোমবার ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১০ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করেছিল। মঙ্গলবার সেটি বাড়িয়ে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রাখতে আজ বুধবার এক প্লাটুন বাড়িয়ে মোট ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির পাশাপাশি ৮ প্লাটুন বিশেষায়িত শিল্প পুলিশ রিজার্ভ বাহিনী (এসআরবি) এবং ৫ প্লাটুন আনসার সদস্যসহ মোট ২৫ প্লাটুন যৌথ বাহিনীর সদস্য গাজীপুরের বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করছেন। আইনশৃঙ্খলার এই বিশাল বহরকে মাঠ পর্যায়ে তদারকি ও নির্দেশনা দিতে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।
গাজীপুরের মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
এদিকে, ব্যাপক নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারির মধ্যে আজ সকাল সাড়ে ৯টা পর্যন্ত গাজীপুর শিল্পাঞ্চলের কোথাও কোনো শ্রমিক বিক্ষোভ, কারখানায় ভাঙচুর কিংবা মহাসড়ক অবরোধের খবর পাওয়া যায়নি।
ব্যস্ততম ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সকাল থেকেই যানবাহন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। পোশাক কারখানার শ্রমিকেরা শান্তিশৃঙ্খলার সঙ্গে তাঁদের কর্মস্থলে যোগ দিয়েছেন। অনেক কারখানার সামনে ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যৌথ বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
জেলা প্রশাসন ও শিল্প পুলিশ জানিয়েছে, শিল্পাঞ্চলের সাধারণ মানুষের জানমাল ও কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জারি থাকবে। যেকোনো ধরনের উসকানি বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মার্কিন মধ্যবর্তী নির্বাচন: কংগ্রেসের দুই কক্ষেই নিয়ন্ত্রণ হারাল ক্ষমতাসীনরা