Morning Times
সাম্প্রতিক
সদ্যসরকারকে বেকায়দায় ফেলতে দীর্ঘ হচ্ছে শ্রমিক আন্দোলন শিল্পাঞ্চলে সহিংসতা ও ভাঙচুর ঠেকাতে নিরাপত্তা জোরদা সদ্যসিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকার ঋণ দিতে আইন শিথিল সদ্যভ্রাম্যমাণ আদালতে ঘুষ লেনদেনের অভিযোগ, ম্যাজিস্ট্রেটকে মারধর করে পুলিশে দিল জনতা সদ্যতাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী আবারও রিমান্ডে সদ্যশেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক সদ্যডিসেম্বর থেকে কার্যকর হবে পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো সদ্যশ্রমিক আন্দোলনের নামে ষড়যন্ত্র, কঠোর হুঁশিয়ারি রাশেদ খাঁনের সদ্যমার্কিন মধ্যবর্তী নির্বাচন: কংগ্রেসের দুই কক্ষেই নিয়ন্ত্রণ হারাল ক্ষমতাসীনরা সদ্যদক্ষিণ এশিয়ায় ১২ কেজি এলপিজির দাম সবচেয়ে বেশি বাংলাদেশে সদ্যশ্রমিক বিক্ষোভের ছবি তুলতে গেলেই হামলা, কেন সাংবাদিকদের টার্গেট? সদ্যসরকারকে বেকায়দায় ফেলতে দীর্ঘ হচ্ছে শ্রমিক আন্দোলন শিল্পাঞ্চলে সহিংসতা ও ভাঙচুর ঠেকাতে নিরাপত্তা জোরদা সদ্যসিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকার ঋণ দিতে আইন শিথিল সদ্যভ্রাম্যমাণ আদালতে ঘুষ লেনদেনের অভিযোগ, ম্যাজিস্ট্রেটকে মারধর করে পুলিশে দিল জনতা সদ্যতাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী আবারও রিমান্ডে সদ্যশেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক সদ্যডিসেম্বর থেকে কার্যকর হবে পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো সদ্যশ্রমিক আন্দোলনের নামে ষড়যন্ত্র, কঠোর হুঁশিয়ারি রাশেদ খাঁনের সদ্যমার্কিন মধ্যবর্তী নির্বাচন: কংগ্রেসের দুই কক্ষেই নিয়ন্ত্রণ হারাল ক্ষমতাসীনরা সদ্যদক্ষিণ এশিয়ায় ১২ কেজি এলপিজির দাম সবচেয়ে বেশি বাংলাদেশে সদ্যশ্রমিক বিক্ষোভের ছবি তুলতে গেলেই হামলা, কেন সাংবাদিকদের টার্গেট?
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে বড় পরিবর্তন, মিলল সুখবর

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে বড় পরিবর্তন, মিলল সুখবর
ছবি: সংগৃহীত

মোটরসাইকেল চালক ও মালিকদের জন্য এলো বড় স্বস্তির খবর। সামনের নম্বরপ্লেটের প্রচলিত নকশা, আকার ও লেখার বাধ্যবাধকতা নিয়ে আর আগের মতো জটিলতায় পড়তে হবে না। মোটরসাইকেলের মডেল ও সামনের অংশের কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে নম্বরপ্লেটের আকার, নকশা এবং নম্বর লেখার বিন্যাস পরিবর্তনের সুযোগ দিয়েছে সরকার। এমনকি প্রচলিত দুই লাইনের পরিবর্তে এখন থেকে এক লাইনেও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন করা যাবে। এ জন্য ‘সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২’ সংশোধন করা হয়েছে।

সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে বিভিন্ন আধুনিক ও স্পোর্টস মডেলের মোটরসাইকেলে সামনের নম্বরপ্লেট স্থাপনের দীর্ঘদিনের জটিলতা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে নম্বরপ্লেটের দৃশ্যমানতা বাড়ানো এবং ক্যামেরার মাধ্যমে দ্রুত ও সহজে যানবাহন শনাক্ত করতেও এই নতুন বিধান কার্যকর ভূমিকা রাখবে।

১ নভেম্বর (২০২৪) বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের উপসচিব আল-আমীন মো. নূরুল ইসলামের স্বাক্ষরে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশোধিত এই বিধান অবিলম্বে কার্যকর হবে। সড়ক পরিবহণ আইন, ২০১৮-এর ১২২ ধারায় দেওয়া ক্ষমতাবলে সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২-এর ৩৬ বিধিতে এই সংশোধনী আনা হয়েছে।

সামনের নম্বরপ্লেটে যেসব পরিবর্তন

সংশোধিত বিধান অনুযায়ী, মোটরসাইকেলের সামনের রেজিস্ট্রেশন নম্বর প্রচলিত দুই লাইনের বিন্যাসের পাশাপাশি এখন থেকে এক লাইনেও লেখার সুযোগ রাখা হয়েছে। অর্থাৎ মোটরসাইকেলের সামনের অংশের নকশা ও কাঠামো বিবেচনায় নম্বর প্রদর্শনের বিকল্প ব্যবস্থা ব্যবহার করা যাবে।

এ ছাড়া সামনের নম্বরপ্লেটের অক্ষরের উচ্চতা, জেলা বা অঞ্চলের নাম নির্দেশকারী অক্ষরের আকার এবং যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের উচ্চতা নির্ধারণের ক্ষমতা দেওয়া হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষকে (বিআরটিএ)।

একই সঙ্গে নম্বরপ্লেটের উল্লম্ব অংশে ফাঁকা জায়গার পরিমাণ, দুটি সংখ্যার মধ্যবর্তী দূরত্ব এবং দ্বিতীয় লাইনে সংখ্যাগুলোর মধ্যবর্তী হাইফেনের দৈর্ঘ্যও নির্ধারণ করতে পারবে কর্তৃপক্ষ।

নতুন বিধানে একই লাইনে রেজিস্ট্রেশন নম্বর লেখার ক্ষেত্রে জেলা বা অঞ্চলের নাম এবং যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের পর নির্ধারিত দৈর্ঘ্যের হাইফেন ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।

রেট্রো-রিফ্লেক্টিভ প্লেট ব্যবহারের সুযোগ

নম্বরপ্লেটের নকশা ও বিন্যাসে পরিবর্তনের পাশাপাশি মোটরসাইকেলের সামনের রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনে বিপরীতমুখী রেট্রো-রিফ্লেক্টিভ প্লেট ব্যবহারের বিষয়টিও সংশোধিত বিধিমালায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ধরনের প্লেট আলো প্রতিফলিত করতে পারে। ফলে রাতের বেলা বা অন্ধকার পরিস্থিতিতে নম্বরপ্লেটের দৃশ্যমানতা অনেক বাড়বে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে ও ট্রাফিক ক্যামেরায় যানবাহন শনাক্ত করা অনেক সহজ হবে।

এ ছাড়া বিধিমালার ৩৬ নম্বর বিধির সংশ্লিষ্ট উপবিধিতে পরিবর্তন আনার পাশাপাশি উপবিধি (১০) থেকে ‘মোটরসাইকেল এবং’ শব্দ দুটি বাদ দেওয়া হয়েছে।

কেন নম্বরপ্লেটে এই পরিবর্তন আনল সরকার?

বর্তমানে বাজারে বিভিন্ন মডেলের মোটরসাইকেলের সামনের অংশের নকশা ও কাঠামো এক রকম নয়। ফলে সব মোটরসাইকেলে একই মাপ ও বিন্যাসের নম্বরপ্লেট স্থাপন করতে গিয়ে অনেক ক্ষেত্রে জটিলতা তৈরি হয়। বিশেষ করে আধুনিক নকশার কিছু মোটরসাইকেলে প্রচলিত আকারের নম্বরপ্লেট বসানো কঠিন হয়ে পড়ে। মোটরসাইকেলের ডিজাইনের সঙ্গে সামঞ্জস্য না থাকায় নম্বরপ্লেট স্থাপনেও সমস্যার মুখে পড়তে হয় মালিকদের।

নতুন সংশোধনীর ফলে মোটরসাইকেলের কাঠামো ও নকশার সঙ্গে সামঞ্জস্য রেখে সামনের নম্বরপ্লেটের আকার, নকশা এবং নম্বর লেখার বিন্যাস নির্ধারণ করা সম্ভব হবে।

সড়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে অন্যান্য যানবাহনের পাশাপাশি মোটরসাইকেলকেও ক্যামেরার আওতায় আনা জরুরি হয়ে পড়েছে। এ ক্ষেত্রে সামনের নম্বরপ্লেটের মাধ্যমে যানবাহন শনাক্ত করা গুরুত্বপূর্ণ। রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে সিসিটিভি ও স্বয়ংক্রিয় নম্বরপ্লেট শনাক্তকরণ প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ক্ষেত্রে নির্দিষ্ট মানের নম্বরপ্লেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এখন কী করবে বিআরটিএ?

সংশোধিত বিধিমালা কার্যকর হওয়ার ফলে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের নকশা ও বিন্যাস নির্ধারণে বিআরটিএর প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার বিধিগত ভিত্তি তৈরি হয়েছে। তবে কোন মডেলের মোটরসাইকেলে কী ধরনের নম্বরপ্লেট ব্যবহার করতে হবে, প্লেটের নির্দিষ্ট মাপ ও নকশা কেমন হবে এবং বাস্তবে কীভাবে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে—সেসব বিষয়ে বিআরটিএর পরবর্তী নির্দেশনা গুরুত্বপূর্ণ। অর্থাৎ বিধিমালায় পরিবর্তন এলেও মোটরসাইকেলের মালিকদের জন্য নতুন নম্বরপ্লেট তৈরির ধরন ও বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে বিআরটিএর চূড়ান্ত নির্দেশনার অপেক্ষা করতে হবে।

মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়