সাজার বিরুদ্ধে আপিল করার নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়া আর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, দণ্ডিত ও পলাতক হওয়ায় শেখ হাসিনার পাসপোর্ট ইস্যু করারও আইনগত সুযোগ নেই।
মঙ্গলবার (১০ নভেম্বর) শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাওয়ার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
চিফ প্রসিকিউটর জানান, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দণ্ডিত হয়ে দেশের বাইরে পলাতক থাকায় তাঁর পাসপোর্ট ও এনআইডি দেওয়ার আইনগত সুযোগ নেই।
তিনি বলেন, আইন অনুযায়ী, কোনো ব্যক্তির ন্যূনতম দুই বছরের সাজা হলে তাঁকে আর পাসপোর্ট দেওয়া যায় না। ফলে পলাতক ও দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাসপোর্ট দেওয়ার কোনো আইনি সুযোগ নেই। একজন দণ্ডিত ব্যক্তিকে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে পাসপোর্ট কিংবা ট্রাভেল পাস দেওয়া হলে তা বিচারপ্রক্রিয়াকে উপহাস করার শামিল হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে বিচার চলাকালে তিনি তা মোকাবিলা না করে এড়িয়ে গেছেন বলে উল্লেখ করেন আমিনুল ইসলাম। তিনি বলেন, রায় প্রকাশের পরও শেখ হাসিনা আপিল করেননি। ভবিষ্যতে তাঁর আপিল করার আইনগত সুযোগও আর নেই।
চিফ প্রসিকিউটর জানান, ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ নামে লন্ডনভিত্তিক একটি আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভারতে বাংলাদেশের দূতাবাসে চিঠি দেওয়া হয়েছে। ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে শেখ হাসিনার জন্য পাসপোর্টের আবেদন করা হয়েছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী যথার্থই বিষয়টিকে হাস্যকর বলেছেন। কারণ, যিনি পাসপোর্ট চাইছেন, তিনি নিজে আবেদন করেননি। তাঁর দল কিংবা নেতাকর্মীরাও আবেদন করেননি। বরং লন্ডনভিত্তিক একটি আইনজীবী প্রতিষ্ঠান আবেদন করেছে।
শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন—এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নথিপত্র পাওয়া যায়নি বলেও জানান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শেখ হাসিনার অনুরোধের পরিপ্রেক্ষিতে মানবিক কারণে তাঁকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে।
শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চাইলে তাঁকে ভারত সরকারের কাছে লিখিতভাবে আবেদন করতে হবে উল্লেখ করে আমিনুল ইসলাম বলেন, এখন পর্যন্ত তিনি ভারত সরকারের কাছে এ বিষয়ে লিখিত কোনো আবেদন করেছেন বলে তাঁদের জানা নেই।
তিনি আরও বলেন, শেখ হাসিনার কখনোই সত্যিকার অর্থে বাংলাদেশে ফেরার সদিচ্ছা ছিল না, এখনো নেই। দেশে ফেরার ইচ্ছা থাকলে মামলা চলাকালে তিনি ফিরে এসে বিচার মোকাবিলা করতেন। রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে দেশে এসে আপিল করতেন।
শেখ হাসিনার উদ্দেশে চিফ প্রসিকিউটর বলেন, সত্যিকার অর্থে দেশে ফিরতে চাইলে ভারত সরকারের কাছে লিখিত আবেদন করতে হবে। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানানোই হবে সঠিক পন্থা।
তিনি আরও বলেন, শেখ হাসিনা আত্মীয়স্বজনসহ নিরাপদে দেশ ছেড়ে চলে গেছেন এবং নিরীহ নেতাকর্মীদের বাংলাদেশে রেখে গেছেন। তাঁদের বিষয়ে চিন্তা না করে এখন এ ধরনের তৎপরতা চালিয়ে তাঁদের আরও বিপদে ফেললে দলগতভাবেও এটি আরেকটি ভুল হবে বলে মনে করেন তিনি।
শেখ হাসিনার বক্তব্যের বিষয়ে আমিনুল ইসলাম বলেন, ভার্চুয়াল মাধ্যমে তাঁর নিজের কোনো বক্তব্য এখন পর্যন্ত তাঁরা পাননি। বিভিন্ন সময়ে সামনে আসা অডিও বক্তব্যগুলো আদৌ শেখ হাসিনার কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে।
পা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী