রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নির্মাণাধীন ভবনের বারান্দা থেকে পড়ে আবু হুরাইয়া নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) হাসপাতালের ১১ নম্বর মডেল ওয়ার্ডের বারান্দায় এ ঘটনা ঘটে।
আবু হুরাইয়া কুষ্টিয়ার ইবি থানার কুশলিবাসা গ্রামের মো. হৃদয় ও মোসা. শিরিনার ছোট সন্তান। তার বড় বোন ও বাবা অসুস্থ হয়ে একই হাসপাতালে অবস্থান করছিলেন।
জানা গেছে, কিডনিজনিত সমস্যায় আক্রান্ত বড় বোন খাদিজাকে (৬) গত ৪ নভেম্বর রামেক হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। অন্যদিকে বাবা মো. হৃদয় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডের বারান্দায় ছিলেন।
এ অবস্থায় ছোট সন্তান আবু হুরাইয়া ১১ নম্বর মডেল ওয়ার্ডের বারান্দায় ছিল। সেখানে নির্মাণকাজ চলাকালে কোনো একসময় শিশুটি নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত হয়ে তার মৃত্যু হয়।
রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামীম আহমেদ শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী