রাজবাড়ীর পাংশায় যুগান্তর মাল্টিমিডিয়ার ইনচার্জ অমিত হাসান রবিনের গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, হামলাকারীদের মারধরে তার বাবা-মা, বোন ও ভাবি গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার গোলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন রবিনের বাবা গোলাম মোস্তফা লুলু বিশ্বাস, মা ডলি আক্তার, বোন ঐশি আক্তার ও ভাবি শাহানা খাতুন।
পরিবারের অভিযোগ অনুযায়ী, স্থানীয় বিএনপি নেতা পরিচয় দেওয়া আবদার জেলের নেতৃত্বে তার ছেলে তুর্কি, হৃদয়সহ ২০ থেকে ৩০ জন বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় পরিবারের সদস্যদের বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করার ভয় দেখানো হয়। বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার হুমকিও দেয় হামলাকারীরা। এরপর দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে তাদের মারধর করা হয়।
হামলার সময় টেলিভিশন, ফ্রিজসহ ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করেছে পরিবার। তাদের দাবি, হামলাকারীরা পরে বাড়ির বাইরে গিয়ে ফাঁকা গুলি ছোড়ে।
গোলাম মোস্তফা লুলু বিশ্বাসের অভিযোগ, স্থানীয়ভাবে বিএনপির পরিচয় ব্যবহার করা ব্যক্তিরা এ হামলা চালিয়েছে। পরিবারের সদস্যদের মারধর ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার সকালে যুগান্তরকে তিনি জানান, খবর পেয়ে পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান তিনি। ঘটনার তদন্ত চলছে। তবে কী কারণে হামলা হয়েছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
পা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী