১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় জনগণকে বিভ্রান্ত করার অভিযোগ তুলে একটি বিশেষ রাজনৈতিক দলের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাঁর অভিযোগ, একই কৌশলে দলটি ২০২৪ সালের গণ-অভ্যুত্থান নিয়েও মানুষের সঙ্গে প্রতারণা করছে। জুলাই শহীদদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে অংশ না নেওয়ার ঘটনাকে দলটির বক্তব্য ও কর্মকাণ্ডের অসংগতির উদাহরণ হিসেবে তুলে ধরেন তিনি।
মঙ্গলবার রাজশাহীতে আখচাষিদের মধ্যে সরকারি প্রণোদনার অর্থ বিতরণ উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।
জনসভায় উপস্থিত মানুষের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে জনগণকে যেভাবে ধোঁকা দেওয়া হয়েছিল, ২০২৪ সালের জুলাই আন্দোলন নিয়েও একই ধরনের আচরণ করা হচ্ছে। তাঁর ভাষ্য, মুখে জুলাইয়ের চেতনাকে ধারণ করার কথা বললেও সংশ্লিষ্ট রাজনৈতিক দলটির বাস্তব কর্মকাণ্ডে তার প্রতিফলন নেই।
তারেক রহমান আরও বলেন, ঢাকার ওসমানী উদ্যানে জুলাই আন্দোলনের শহীদ ও যোদ্ধাদের স্মরণে স্মৃতিস্তম্ভ উদ্বোধনের অনুষ্ঠানে সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তাঁর অভিযোগ, ওই দলের কোনো প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত হয়ে শহীদ পরিবারের পাশে দাঁড়াননি। এ ঘটনাকে তিনি দলটির কথার সঙ্গে কাজের অমিল হিসেবে উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ১৯৭১ সাল থেকে বিভিন্ন সময়ে সুযোগ পেয়ে দলটি জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। নির্বাচনে মনোনয়ন বাণিজ্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জনগণের কাছে তাদের অসত্য বক্তব্য ও ষড়যন্ত্রের বিষয়টি স্পষ্ট হয়ে গেছে। ফলে মানুষ আর তাদের প্রতিশ্রুতিতে আগের মতো আস্থা রাখছে না বলে মন্তব্য করেন তিনি।
দেশের উন্নয়ন, স্থিতিশীলতা ও অর্থনৈতিক মুক্তির পথে কোনো অপশক্তিকে বাধা হয়ে দাঁড়াতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারেক রহমান। একই সঙ্গে রাজনৈতিক ও সামাজিক বিভেদ ভুলে দেশ গঠনের কাজে বিএনপি সরকারের পাশে থাকার জন্য তিনি সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।
আজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফর সঙ্গী হচ্ছেন যারা