‘হৃদয়কে না পেলে আমি বাঁচব না, এই ঘরেই বিষ খেয়ে আত্মহত্যা করব’—এমন হুমকি দিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছে ১৬ বছর বয়সী এক কিশোরী। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর থেকে জামালপুরের মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নের থুরী টনকীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে।
অনশনরত কিশোরী দশম শ্রেণির শিক্ষার্থী। তার কথিত প্রেমিক ফেরদৌস হাসান হৃদয়ের বয়স ২১ বছর। তিনি একই এলাকার বাসিন্দা এবং পড়াশোনার পাশাপাশি স্থানীয় বাজারে কাঁচামালের ব্যবসা করেন।
কিশোরীর দাবি, প্রায় পাঁচ বছর ধরে হৃদয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। বিষয়টি দুই পরিবার ও এলাকার লোকজন জানেন। সম্প্রতি হৃদয়ের পরিবার গোপনে তাঁকে অন্যত্র বিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জানতে পেরে সে প্রেমিকের বাড়িতে অবস্থান নেয়।
কিশোরীর ভাষ্য, বাড়িতে প্রবেশের সময় তার হাতে বিষের বোতল ছিল। তবে হৃদয়ের সৎমা কৌশলে বোতলটি কেড়ে নেন।
কিশোরী বলে, বিয়ে না হলে সমাজে কাউকে মুখ দেখাতে পারবে না সে। হৃদয় অন্য বিয়ে করলেও তাকেই বিয়ে করতে হবে বলে দাবি করে সে। অন্যথায় প্রেমিকের বাড়িতেই আত্মহত্যা করার হুমকি দেয়।
এদিকে, কিশোরীর অনশনের পর থেকে হৃদয় ও তাঁর পরিবারের সদস্যদের বাড়িতে পাওয়া যাচ্ছে না। তাঁদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা মিশু ও মমিন জানান, কিশোরী ও হৃদয়ের বাড়ি পাশাপাশি এবং তাঁরা একই বংশের সদস্য। পরিস্থিতির অবনতি এড়াতে সামাজিক ও আইনগতভাবে বিষয়টির দ্রুত সমাধান হওয়া প্রয়োজন বলে মনে করেন তাঁরা।
এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে মেলান্দহ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগটি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ক্রসফায়ার চায় না সরকার, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী