ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে বিএনপি সরকার ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশের পর সাথী আক্তার নামে এক নারী ব্যবসায়ীকে হেফাজতে নেয় পুলিশ। পরে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সাথী আক্তারের ভালুকা উপজেলার একটি মার্কেটে পার্লারের ব্যবসা রয়েছে।
রোববার ফেসবুক লাইভে এসে নিজের দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে বৈদ্যুতিক তার চুরির ঘটনা উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ সময় তিনি বলেন, ‘দেশে কেউ নিরাপদে নেই।’
২০২৬ সালে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এবং চুরির ঘটনা বেড়েছে বলেও মন্তব্য করেন সাথী আক্তার। একপর্যায়ে তিনি বলেন, ‘বিএনপি সরকারকে ভোট দিয়ে এখন ভুক্তভোগী।’
লাইভটি প্রচারের পর সাথী আক্তারের প্রতিষ্ঠানে বেশ কয়েকজন জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন। পরে পুলিশ তাঁকে হেফাজতে নেয়। এরপর ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
সোমবার আদালতে হাজির করা হলে সাথী আক্তারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সূত্র: বিবিসি বাংলা
ক্রসফায়ার চায় না সরকার, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী