রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের সাবেক বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ১৪ বছর বয়সী স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান সুমনকে হত্যার দায়ে লিমন মিয়া (৩৫) নামের এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-২-এর বিচারক রেজাউল করিম। রায়ে আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেন বিচারক।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত লিমন মিয়ার বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদনেরপাড় গ্রামে। তাঁর বাবার নাম হেমায়েত মোহাম্মদ সোলাইমান হোসেন শহিদ। সোলাইমান শহিদ ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য।
লিমন কঞ্চিপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণ অনুযায়ী, পূর্বপরিচয়ের সূত্র ধরে ২০২৫ সালের ১৩ নভেম্বর বিকেলে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ডাবতলা এলাকার পার্ক ভিউ নামের বহুতল আবাসিক ভবনের পঞ্চম তলায় বিচারকের বাসায় প্রবেশ করেন লিমন। পূর্বপরিকল্পনা অনুযায়ী প্রথমে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে (৪৫) ছুরিকাঘাত করেন তিনি। মায়ের চিৎকার শুনে তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে বিচারকের ছেলে তওসিফ রহমান সুমনকে একের পর এক ছুরিকাঘাত করেন লিমন। এতে ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়। গুরুতর আহত তাসমিন নাহারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত সুমন রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ঘটনার পরদিন ১৪ নভেম্বর বিচারক আবদুর রহমান বাদী হয়ে লিমন মিয়াকে আসামি করে আরএমপির রাজপাড়া থানায় হত্যা মামলা করেন। পরে বিচারকের ছেলেকে হত্যা ও স্ত্রীকে হত্যাচেষ্টার কথা স্বীকার করে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন লিমন। তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
প্রায় তিন মাসের বিচারিক কার্যক্রমে ২৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার আলোচিত এ হত্যা মামলার রায় ঘোষণা করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, বিচারক আবদুর রহমানের বাড়ি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চকপাড়া গ্রামে। চাকরির সুবাদে তিনি গাইবান্ধা শহরে বিয়ে করেন। তাঁর স্ত্রী তাসমিন নাহার লুসি কোয়ান্টাম ফাউন্ডেশনে যাতায়াত করতেন। সেখানেই লিমন মিয়ার সঙ্গে তাঁর পরিচয় হয়। বেকার লিমনকে মাঝেমধ্যে আর্থিক সহায়তা করতেন তাসমিন। এভাবেই বিচারকের পরিবারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা তৈরি হয়।
সর্বশেষ বিচারক আবদুর রহমান গাইবান্ধার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের ২৯ অক্টোবর তাঁকে রাজশাহী মহানগর দায়রা জজ হিসেবে বদলি করা হয়। এরপর তিনি নগরীর ডাবতলা এলাকায় বাসা নেন।
বিচারকের স্ত্রীর অভিযোগ, অসচ্ছল মনে করে তিনি লিমনকে আর্থিক সহায়তা করতেন। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, লিমন একজন প্রতারক। একপর্যায়ে আর্থিক সহায়তা বন্ধ করে দিলে তিনি বিভিন্নভাবে বিচারকের পরিবারকে হুমকি দিতে থাকেন। এমনকি ফোন করেও হত্যার হুমকি দেন। এসব হুমকির ঘটনায় তাসমিন নাহার আরএমপির রাজপাড়া থানা ও সিলেটের জালালাবাদ থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ১৩ নভেম্বর বিচারকের ভাই পরিচয়ে বাসায় প্রবেশ করে ছেলে সুমনকে হত্যা করেন লিমন। একই সময় ছুরিকাঘাত করে বিচারকের স্ত্রীকেও হত্যার চেষ্টা করেন। দীর্ঘ চিকিৎসার পর প্রাণে বেঁচে যান তাসমিন নাহার লুসি।
আরও জানা গেছে, লিমন মিয়া গাইবান্ধা সরকারি কলেজে উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেন। পরে সেনাবাহিনীতে সিপাহি পদে যোগ দেন। তবে ২০১৮ সালে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁর চাকরি চলে যায়। এরপর কিছুদিন বাড়িতে থাকার পর গজারিয়াহাট ও বালাসী ঘাট এলাকায় ছোটখাটো ব্যবসা শুরু করেন। ব্যবসায় সফল হতে না পেরে একপর্যায়ে ভবঘুরে জীবনযাপন শুরু করেন। মাঝেমধ্যে কয়েক মাসের জন্য এলাকা ছেড়ে চলে যেতেন, পরে আবার ফিরে আসতেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এলাকায় ফিরে রাজনীতিতে সক্রিয় হন লিমন। পরে কঞ্চিপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হন। এরপর থেকে বিভিন্ন অনৈতিক উপায়ে অর্থ উপার্জনের চেষ্টা শুরু করেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে বিচারকের স্ত্রীকে ফোন করে টাকা দাবি করতে থাকেন। টাকা না দিলে ভয়াবহ পরিণতির হুমকিও দেন। পরে বিচারকের ছেলেকে হত্যা এবং স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করেন।
আদালত সূত্রে জানা গেছে, ঘটনার ১০ দিন আগে ৩ নভেম্বর সকালে লিমন মিয়া বিচারকপত্নী তাসমিন নাহার লুসির মেয়ের ফেসবুক মেসেঞ্জারে কল করে পুরো পরিবারকে হত্যার হুমকি দেন। তখন তাসমিন নাহার সিলেটে মেয়ের বাসায় অবস্থান করছিলেন। হুমকি পাওয়ার পর ৬ নভেম্বর তিনি সিলেটের জালালাবাদ থানায় একটি জিডি করেন। সেখানে উল্লেখ করেন, আর্থিক সহায়তা বন্ধ করে দেওয়ায় লিমন তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিচ্ছেন।
জালালাবাদ থানা পুলিশ তখন সন্দেহভাজন হিসেবে লিমন মিয়াকে আটক করে আদালতে পাঠায়। পরে জামিনে মুক্ত হয়ে তিনি রাজশাহীতে যান। সেখানে বিচারকের ছেলে ও স্ত্রীকে ছুরিকাঘাত করেন। ঘটনার পরপরই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম জানান, তদন্ত শেষে পুলিশ লিমন মিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। বিচার চলাকালে বিচারক আবদুর রহমান, তাঁর স্ত্রী তাসমিন নাহার লুসিসহ মোট ২৯ জন আদালতে সাক্ষ্য দেন। যুক্তিতর্ক শেষে ১২ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করা হয়।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের এই আইনজীবী বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, লিমন মিয়া আগে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সুমনকে এমনভাবে ছুরিকাঘাত করেন, যাতে তাঁর মৃত্যু নিশ্চিত হয়। আসামিপক্ষ থেকে লিমনকে মানসিকভাবে অসুস্থ দাবি করা হয়েছিল। তবে মানসিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে, তিনি সুস্থ মস্তিষ্কেই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
অন্যদিকে, রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবী মামুনুর রশীদ। তিনি বলেন, আসামির প্রতি ন্যায়বিচার করা হয়নি। এ রায়ের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন।
বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা, সেই স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুদণ্ড
রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের সাবেক বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ১৪ বছর বয়সী স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান সুমনকে হত্যার দায়ে লিমন মিয়া (৩৫) নামের এক আসামিকে ম
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
যে কোনো প্রেক্ষাপটে কারখানা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
২পা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী
৩বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
৪সচিবালয়ে সার্বক্ষণিক পরিচয়পত্র প্রদর্শনের নির্দেশ
৫টাঙ্গাইলে ধর্ষণের পর ইট দিয়ে মুখ থেঁতলে দেয়া সেই শিশুকে প্রতিমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর
তুরাগে লাশ উদ্ধারের আগেই অতিরিক্ত ডিআইজি জহিরের বাসায় গ্রেপ্তার তৌসিফের বোন!
২দুঃসময়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে তৎপর অয়ন ওসমান
৩সাংবাদিকের ডান হাতে সমস্যা, তবু ‘ব্যাডটাচের’ অভিযোগ পরীমনির
৪এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
৫পরমাণু হামলা চালাবে যুক্তরাষ্ট্র, নাগরিকদের সতর্ক করল ইরান
পা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী