গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন কারখানার শ্রমিকেরা। এক নারী শ্রমিকের মৃত্যুর গুজব ও বেতন বৃদ্ধির দাবিতে তাঁদের এ বিক্ষোভে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
শনিবার (১৪ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, সকালে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ৮ থেকে ১০টি কারখানার শ্রমিকেরা কাজে যোগ দেন। পরে হাজিরা দিয়ে তাঁরা কারখানা থেকে বেরিয়ে আসেন। একপর্যায়ে কয়েক দিন আগে শ্রমিক আন্দোলনের সময় এপেক্স কারখানার এক নারী শ্রমিক আহত হওয়ার পর তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এ গুজবের পাশাপাশি বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ৮ থেকে ১০টি কারখানার শ্রমিকেরা হাজিরা দিয়ে কারখানা থেকে বেরিয়ে বিক্ষোভ শুরু করেন। শ্রমিক নিহতের গুজব ও বেতন বৃদ্ধির দাবিতে একপর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
পা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী