নাটোরের বড়াইগ্রামে এক ব্যবসায়ীকে প্রায় পাঁচ ঘণ্টা আটকে রেখে ১২ লাখ টাকা দাবি এবং তিন লাখ টাকা আদায়ের অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতা ও তার অনুসারীদের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল কাদের।
এ ঘটনায় শুক্রবার (১৩ নভেম্বর) রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
অভিযোগে উপজেলার জোনাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বাবুল হোসেন (৩০), সাধারণ সম্পাদক সাব্বির হোসেন (৩২), কর্মী জাহিদুল ইসলাম (৩০), সুজন মিয়া (২৮), বিএনপি নেতা আফসার আলী (৫৫), রফিক সরকার (৪৫), আস্তল আলী (৩০), রুবেল হোসেন (৩০) ও জোবায়ের হোসেনের (৩৫) নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও সাত-আটজনকে আসামি করা হয়েছে। অভিযোগে তাদের সবাইকে জোনাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রাসেলের অনুসারী বলে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা বিলে একটি সেতুর মুখে সোঁতিজাল বসিয়ে মাছ ধরছিলেন বাবুল হোসেন। খবর পেয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালিয়ে সোঁতিজাল অপসারণ করে। এ সময় প্রায় তিন লাখ টাকা মূল্যের চায়না দুয়ারি জাল পুড়িয়ে নষ্ট করা হয়। সেতুর পাশে যে জমিতে জাল বসানো হয়েছিল, সেটি তেবাড়িয়া গ্রামের ব্যবসায়ী আব্দুল কাদেরের বলে জানা গেছে। তিনি জোনাইল পাগলা বাজারে ব্যবসা করেন।
আব্দুল কাদেরের অভিযোগ, সোঁতিজাল উচ্ছেদের ঘটনায় বাবুল হোসেন তাকে সন্দেহ করেন। উপজেলা প্রশাসনকে খবর দিয়ে অভিযানে সহযোগিতা করার অভিযোগ তুলে তাকে আটক করা হয়। এ সময় ক্ষতিপূরণের নামে তার কাছে ১২ লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। পরে প্রায় পাঁচ ঘণ্টা আটকে রেখে বাড়ি থেকে লোক মারফত তিন লাখ টাকা এনে দিতে বাধ্য করা হয়। পাশাপাশি আরও এক লাখ টাকা দেওয়ার অঙ্গীকার নেওয়া হয়।
ভুক্তভোগী আব্দুল কাদের বলেন, জোনাইল পাগলা বাজার ও চামটা বিলে তার জায়গা-জমি রয়েছে। মঙ্গলবার দিনভর চামটা বিলে সোঁতিজাল উচ্ছেদ ও চায়না দুয়ারি জাল পোড়ানোর অভিযান পরিচালনা করেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস। দুপুরে বিল থেকে বাড়ি ফেরার পথে আফসার আলীর বাড়ির পাশের আমবাগান থেকে বাবুল হোসেন ও তার লোকজন তাকে তুলে চামটা বিলে নিয়ে যান।
তিনি আরও বলেন, সেখানে বিএনপির নেতাকর্মীরা প্রশাসনকে খবর দেওয়ার অভিযোগ তুলে তার কাছে ১২ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তার মোবাইল ফোন কেড়ে নিয়ে মারধর করা হয়। পরে লোক মারফত বাড়ি থেকে তিন লাখ টাকা এনে তাদের দেন। আরও এক লাখ টাকা দেওয়ার অঙ্গীকারও করতে হয় তাকে। ওই সময় বাবুল হোসেন ও আফসার আলীসহ কয়েকজন উপস্থিত ছিলেন। আফসার আলী তার কাছ থেকে টাকা নেন বলেও অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে মুখ খুললে কিংবা থানায় অভিযোগ করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন আব্দুল কাদের।
তবে অভিযোগ অস্বীকার করে আফসার আলী বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। কোথায় কী ঘটেছে, সে সম্পর্কেও তার কোনো ধারণা নেই।
অভিযুক্ত ছাত্রদল নেতা বাবুল হোসেন বলেন, প্রশাসনকে খবর দেওয়ার বিষয়ে তাকে সন্দেহ করা হয়েছিল। তবে তিনি জড়িত না থাকায় আত্মীয়স্বজন এসে তাকে নিয়ে গেছেন। মারধর কিংবা টাকা লেনদেনের অভিযোগ সঠিক নয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, ঘটনাটি বিব্রতকর। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সদ্য সংবাদ/ এআর
পা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী