সংবিধান সংশোধন ছাড়া জুলাই জাতীয় সনদের সব বিষয় বাস্তবায়ন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, জুলাই সনদ কার্যকর করতে প্রয়োজনীয় আইনি কাঠামো তৈরি করতে হবে। সংবিধানের ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখে যেসব বিষয়ে পরিবর্তন প্রয়োজন, সেগুলো জাতীয় সংসদের মাধ্যমে সম্পন্ন করতে হবে। তবে বিরোধী দল সাংবিধানিক সংশোধনের পথে না গিয়ে নিজেদের দাবি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।
শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর মান্ডা হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে বর্ষীয়ান রাজনীতিবিদ প্রয়াত শামসুল হুদার স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুগদা থানা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো এ অনুষ্ঠানের আয়োজন করে।
খুলনায় বিরোধী দলের লংমার্চ কর্মসূচির সমালোচনা করে রিজভী বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে আলোচনার জন্য বিরোধী দলকে সংসদে আহ্বান জানানো হয়েছে। সেখানে এসে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি। তার মতে, সংবিধান সংশোধন না করে সনদের সব বিষয় বাস্তবায়নের দাবি গ্রহণযোগ্য নয়।
রিজভী বলেন, স্বাধীনতার পর সংবিধান প্রণয়ন করা হয়েছে এবং বিভিন্ন সময়ে এতে সংশোধনী আনা হয়েছে। জুলাই সনদের যেসব প্রস্তাব সংবিধানের সঙ্গে সংশ্লিষ্ট, সেগুলো কার্যকর করতে সাংবিধানিক সংশোধন প্রয়োজন। অন্যদিকে, যেসব বিষয় সাধারণ আইন প্রণয়নের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব, সেগুলো জাতীয় সংসদে আইন পাস করেই কার্যকর করা যাবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থনৈতিক উদ্যোগের প্রসঙ্গ তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, দেশের অর্থনীতিকে গতিশীল করতে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করছেন। দেশের বিভিন্ন প্রান্তে সফরের পাশাপাশি বিদেশ সফরের মাধ্যমে বিনিয়োগ, ঋণ, অনুদান ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছেন তিনি। চীন ও জাপান সফরে বিভিন্ন চুক্তি ও সমঝোতার ফলে দেশে শিল্পায়ন এবং কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, জাপান সফরের সময় প্রধানমন্ত্রী টয়োটার প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন। বাংলাদেশে প্রতিষ্ঠানটির কারখানা স্থাপন এবং গাড়ির যন্ত্রাংশ উৎপাদনের সম্ভাবনা নিয়েও উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
সরকারের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি প্রসঙ্গে রিজভী বলেন, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক অবস্থার উন্নয়নে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। দরিদ্র পরিবারের হাতে প্রতি মাসে আড়াই হাজার টাকা পৌঁছালে তারা হাঁস-মুরগি পালনসহ বিভিন্ন ছোট পরিসরের আয়বর্ধক কাজে যুক্ত হতে পারবে। এতে দারিদ্র্য হ্রাসের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিও শক্তিশালী হবে।
দেশের গ্যাস ও জ্বালানি সংকটের বিষয়ে তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটছে। ইরানকে কেন্দ্র করে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এর প্রভাব বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর পড়েছে।
রিজভী প্রশ্ন করেন, আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকটের জন্য বিএনপি সরকার কিংবা প্রধানমন্ত্রী তারেক রহমান দায়ী কি না। তিনি বলেন, বিশ্বজুড়েই জ্বালানি সংকট চলছে। এমন পরিস্থিতিতেও প্রধানমন্ত্রী বিকল্প উৎস থেকে গ্যাস ও জ্বালানি সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তিনি জানান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও মিয়ানমারসহ বিভিন্ন দেশ থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর লক্ষ্য দেশের কলকারখানা, বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানার উৎপাদন কার্যক্রম সচল রাখা। সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে বিদ্যুৎ পরিস্থিতিরও উন্নতি হচ্ছে বলে দাবি করেন রিজভী।
সংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন অসম্ভব: রিজভী
সংবিধান সংশোধন ছাড়া জুলাই জাতীয় সনদের সব বিষয় বাস্তবায়ন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কব
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: ২৫ কারখানায় ছুটি ঘোষণা
২‘জুলাই সনদের আইনি ভিত্তি নেই, রাজনৈতিক সমঝোতার গুরুত্ব আইনি ভিত্তির চেয়ে বেশি’
৩ফ্যাসিবাদের পথে হাঁটলে খালে-বিলে থাকতে হবে: জামায়াত আমির
৪বাড়িতে ডিজে পার্টি, সাময়িক বরখাস্ত অতিরিক্ত ডিআইজি জহির
৫মেয়েদের শিক্ষা বন্ধে তালেবানের পক্ষে জাকির নায়েক, সমালোচনার ঝড়
এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
২‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়
৩তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃতদেহ উদ্ধার
৪‘কিছু লোক ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেয়, আর আমি পালিয়ে আসি’
৫হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নিতে বলার নেপথ্যে কে, জানালেন শফিকুল আলম
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: ২৫ কারখানায় ছুটি ঘোষণা