Morning Times
সাম্প্রতিক
সদ্যপা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী সদ্যবিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্যআত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যএমপি নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর, মারধর ও জমি দখলের মামলা সদ্যটানা পাঁচ মাস বিদ্যুৎ নেই বাংলাদেশের ৩৫টি গ্রামে, কারণ কী? সদ্যমাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, ৪ সাংবাদিক কারাগারে সদ্যওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি, ‘ডিসেম্বরের পরও চাকরি করতে হবে’ সদ্যযশোরের কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট বিতরণ সদ্যডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: শফিকুর রহমান সদ্যসালমান খানকে হত্যার হুমকি দেওয়া ভারতের গ্যাংস্টার বিষ্ণোইয়ের নিশানায় এবার এনসিপি নেত্রী মিতু সদ্যপা হারানো আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী সদ্যবিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্যআত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যএমপি নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর, মারধর ও জমি দখলের মামলা সদ্যটানা পাঁচ মাস বিদ্যুৎ নেই বাংলাদেশের ৩৫টি গ্রামে, কারণ কী? সদ্যমাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, ৪ সাংবাদিক কারাগারে সদ্যওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি, ‘ডিসেম্বরের পরও চাকরি করতে হবে’ সদ্যযশোরের কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট বিতরণ সদ্যডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: শফিকুর রহমান সদ্যসালমান খানকে হত্যার হুমকি দেওয়া ভারতের গ্যাংস্টার বিষ্ণোইয়ের নিশানায় এবার এনসিপি নেত্রী মিতু
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার

কেন তাঁকে ‘নতুন ওবামা’ বলা হচ্ছে, কেন এমন তুলনা

কেন তাঁকে ‘নতুন ওবামা’ বলা হচ্ছে, কেন এমন তুলনা
ছবি: সংগৃহীত

মাত্র ৩৯ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন জন অসফ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তাঁর তুলনা করছেন অনেকে। কেউ কেউ তাঁকে আখ্যা দিচ্ছেন ‘নতুন ওবামা’ বা ‘পরবর্তী ওবামা’ হিসেবে।

এমনকি ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী হিসেবেও আলোচনায় রয়েছে তাঁর নাম।

জন অসফ ডেমোক্রেটিক পার্টির একজন উদীয়মান নেতা। বর্তমানে মার্কিন সিনেটের সবচেয়ে কম বয়সী সদস্য তিনি।

নির্বাচনী প্রচারে বিপুল অর্থ সংগ্রহ, ওবামার প্রকাশ্য সমর্থন, রাজনীতির মঞ্চে তারুণ্যনির্ভর উপস্থিতি, বড় ব্যবধানে জয় এবং দেশজুড়ে পরিচিতি—সব মিলিয়ে ডেমোক্রেটিক পার্টির ভবিষ্যৎ নেতৃত্বের আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন অসফ।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এখনো দুই বছর বাকি। এর মধ্যেই ২০২৮ সালের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পাওয়ার দৌড় নিয়ে অনলাইন বাজির বাজারেও আলোচনায় রয়েছেন তিনি। এসব বাজির বাজারে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে এগিয়ে আছেন অসফ।

কে এই অসফ

১৯৮৭ সালে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় জন্মগ্রহণ করেন জন অসফ। ২০০৯ সালে জর্জটাউন বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃতি ও রাজনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। পরে ২০১৩ সালে লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে আন্তর্জাতিক রাজনৈতিক অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

রাজনীতিতে প্রবেশের আগে অনুসন্ধানী প্রামাণ্যচিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন অসফ। লন্ডনভিত্তিক অনুসন্ধানী প্রামাণ্যচিত্র নির্মাতা প্রতিষ্ঠান ইনসাইট টিডব্লিউআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। প্রতিষ্ঠানটি দুর্নীতি, মানব পাচার, যুদ্ধাপরাধ, সংঘবদ্ধ অপরাধসহ বিভিন্ন গুরুতর অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে অনুসন্ধানী প্রামাণ্যচিত্র তৈরি করত।

২০১৭ সালে জর্জিয়ার ষষ্ঠ কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের একটি বিশেষ নির্বাচনের মধ্য দিয়ে প্রথমবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের সদস্য হওয়ার লড়াইয়ে নামেন অসফ। প্রথম দফার ভোটে এগিয়ে থাকলেও পরবর্তী রান-অফ নির্বাচনে রিপাবলিকান প্রার্থী কারেন হ্যান্ডেলের কাছে পরাজিত হন তিনি। আসনটি দীর্ঘদিন ধরে রিপাবলিকান পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল।

২০২১ সালে নাটকীয় রান-অফ নির্বাচনে জয়ী হয়ে সিনেটর হন অসফ। তখন তাঁর বয়স ছিল মাত্র ৩৩ বছর। জর্জিয়ার ওই নির্বাচনের ফলাফলের ওপর মার্কিন সিনেটে ক্ষমতার ভারসাম্য নির্ভর করছিল। অসফের জয়ের ফলে সিনেটে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের আসনসংখ্যা দাঁড়ায় ৫০-৫০। পরে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের টাই-ব্রেকিং ভোটে সিনেটের নিয়ন্ত্রণ পায় ডেমোক্রেটিক পার্টি।

এই নির্বাচনের মধ্য দিয়েই জাতীয় রাজনীতিতে বিশেষ পরিচিতি পান অসফ। সিনেটর হিসেবে দায়িত্ব পালনকালে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আইন প্রণয়নেও ভূমিকা রাখেন তিনি।

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়ায় জয় পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এ কারণে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের জর্জিয়া আসনটি নিজেদের দখলে নেওয়াকে বিশেষ গুরুত্ব দেয় রিপাবলিকান পার্টি। দলটির প্রার্থী ছিলেন মাইক কলিন্স। অন্যদিকে ডেমোক্রেটিক পার্টির হয়ে পুনর্নির্বাচিত হওয়ার লড়াইয়ে নামেন বর্তমান সিনেটর অসফ।

নির্বাচনী প্রচারে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেন অসফ। তাঁর প্রচার তহবিলে জমা পড়ে ১০ কোটি ডলারের বেশি। এত বড় অঙ্কের অর্থ সংগ্রহ এবং জাতীয় পর্যায়ে পরিচিতি বাড়তে থাকায় ডেমোক্রেটিক পার্টিতে তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক সম্ভাবনা নিয়ে আলোচনা আরও জোরালো হয়।

নির্বাচনে অসফের পক্ষে প্রকাশ্যে সমর্থন জানান সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। জর্জিয়ায় তাঁর নির্বাচনী সমাবেশেও অংশ নেন ওবামা। শেষ পর্যন্ত রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মাইক কলিন্সকে বড় ব্যবধানে পরাজিত করে পুনর্নির্বাচিত হন অসফ। তিনি পান প্রায় ৫৯ শতাংশ ভোট।

বিজয়ী ভাষণে রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেন অসফ। ট্রাম্পকে ব্যর্থ এবং ক্ষমতার শেষ পর্যায়ে থাকা প্রেসিডেন্ট হিসেবে আখ্যায়িত করেন তিনি।

কেন ওবামার সঙ্গে তুলনা

২০২৬ সালের নির্বাচনী প্রচারের সময় ডেমোক্রেটিক পার্টির অন্যতম আলোচিত নেতা হয়ে ওঠেন অসফ। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তাঁর বেশ কিছু দৃশ্যমান মিল খুঁজে পেয়েছেন।

২০০৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তরুণ নেতৃত্ব, আশাবাদ এবং পরিবর্তনের বার্তা দিয়ে ডেমোক্রেটিক পার্টির সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছিলেন ওবামা। নির্বাচনে জয়ী হওয়ার সময় তাঁর বয়স ছিল ৪৭ বছর। ওবামার মতো অসফও তরুণ নেতৃত্ব ও পরিবর্তনের আকাঙ্ক্ষাকে সামনে রেখে রাজনৈতিক প্রচার চালাচ্ছেন।

জর্জিয়ায় অসফের নির্বাচনী সমাবেশে উপস্থিত জনতার মধ্য থেকে ‘ইয়েস উই ক্যান’ বা ‘হ্যাঁ, আমরা পারি’ স্লোগান শোনা যায়। প্রায় দুই দশক আগে ভোটারদের উজ্জীবিত করতে একই স্লোগান ব্যবহার করেছিলেন ওবামা। ২০০৮ সালের নির্বাচনে এটি তাঁর প্রচারের অন্যতম পরিচিত প্রতীকে পরিণত হয়েছিল।

শুধু স্লোগানেই নয়, মঞ্চে উপস্থিতি ও বক্তব্য দেওয়ার ধরনেও দুজনের মধ্যে মিল রয়েছে। দুজনকেই প্রায়ই হাতা গোটানো শার্ট পরে মঞ্চে দেখা যায়। বক্তৃতার সময় পডিয়াম ধরে দাঁড়ানো, শ্রোতাদের দিকে তাকানোর ভঙ্গি, বিরতি দিয়ে কথা বলা এবং উপস্থিত মানুষের মনোযোগ ধরে রাখার কৌশলেও তাঁদের সাদৃশ্য রয়েছে।

তবে বক্তব্যের ধরনে কিছু পার্থক্যও আছে। ওবামার তুলনায় অসফ বেশি সংযত, গম্ভীর ও হিসাবি। তাঁর বক্তৃতায় আবেগের চেয়ে যুক্তি এবং নিয়ন্ত্রিত অভিব্যক্তি বেশি প্রাধান্য পায়।

নিউইয়র্ক টাইমসের কলামিস্ট এজরা ক্লেইনও দুজনের মধ্যে বেশ কিছু দৃশ্যমান মিলের কথা উল্লেখ করেছেন। তাঁর পর্যবেক্ষণ অনুযায়ী, ক্যামেরার দিকে তিন-চতুর্থাংশ কোণে দাঁড়ানো এবং শারীরিক অভিব্যক্তি নিয়ন্ত্রণের ক্ষেত্রে অসফের মধ্যে বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। বক্তব্য দেওয়ার সময় তাঁর উপস্থিতিতে আত্মবিশ্বাস ও সংযম ফুটে ওঠে।

ক্লেইনের মতে, এসব বৈশিষ্ট্য ওবামার ২০০৮ সালের নির্বাচনী প্রচারের স্মৃতি মনে করিয়ে দেয়। অর্থাৎ শুধু বক্তৃতার ধরন নয়, নির্বাচনী প্রচারে নিজেদের উপস্থাপনের কৌশলেও দুজনের মিল রয়েছে।

দুজনের রাজনৈতিক জীবনের আরেকটি অভিন্ন যোগসূত্র যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি নেতা জন লুইস। তাঁর রাজনৈতিক আদর্শ ও নাগরিক অধিকার আন্দোলনের অভিজ্ঞতা থেকে ওবামা ও অসফ দুজনই অনুপ্রাণিত হয়েছেন। একসময় লুইসের সঙ্গে কাজ করেছেন অসফ। অন্যদিকে ওবামার রাজনৈতিক জীবনেও লুইসের গুরুত্বপূর্ণ প্রভাব ছিল।

অসফ কি প্রেসিডেন্ট প্রার্থী হবেন

ওবামার সঙ্গে তুলনা করা হলেও ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অসফ প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। বরং এ বিষয়ে নিজের অনাগ্রহের কথা একাধিকবার জানিয়েছেন তিনি। ২০২৮ সালের নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়ার বিষয়ে তাঁর ‘একেবারেই কোনো আগ্রহ নেই’ বলেও জানিয়েছেন। আপাতত সিনেটর হিসেবে দায়িত্ব পালনই তাঁর লক্ষ্য।

তবে অসফের এমন বক্তব্যে ভবিষ্যতে হোয়াইট হাউসে যাওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা থেমে নেই। তাঁর রাজনৈতিক উত্থানের সঙ্গে সঙ্গে সমর্থকদের মধ্যেও তাঁকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দেখার আগ্রহ বাড়ছে।

সিনেটর থাকাকালে ওবামাও প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ নেই বলে জানিয়েছিলেন। পরে অবশ্য নিজের অবস্থান পরিবর্তন করে নির্বাচনে অংশ নেন তিনি। অসফের সমর্থকদের অনেকেই আশা করছেন, তিনিও একসময় ওবামার পথ অনুসরণ করবেন।

অনলাইন বাজির প্ল্যাটফর্ম পলিমার্কেটেও অসফকে নিয়ে আগ্রহ বাড়ছে। ৯ নভেম্বরের হিসাব অনুযায়ী, ২০২৮ সালে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার সম্ভাব্য বাজির বাজারে অন্যদের তুলনায় এগিয়ে রয়েছেন তিনি। তবে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার বাজির বাজারে অসফের চেয়ে সামান্য এগিয়ে আছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

অবশ্য সময়ের সঙ্গে এসব বাজির হিসাব পরিবর্তিত হতে পারে।

অসফ শেষ পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিলেও ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পাওয়ার পথ তাঁর জন্য সহজ হবে না। ২০২১ সালে সিনেটর নির্বাচিত হওয়ায় জাতীয় পর্যায়ে আইনপ্রণেতা হিসেবে তাঁর অভিজ্ঞতা এখনো তুলনামূলকভাবে কম।

এ ছাড়া জর্জিয়ার আরেক সিনেটর রেভারেন্ড রাফায়েল ওয়ার্নকও ২০২৮ সালে কোনো উচ্চপদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন। তবে তিনি প্রেসিডেন্ট পদে লড়বেন, নাকি অন্য কোনো পদে, তা এখনো স্পষ্ট করেননি।

অসফের ইহুদি ধর্মীয় পরিচয়ও ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পাওয়ার লড়াইয়ে আলোচনার বিষয় হয়ে উঠতে পারে। দলটির ভেতরে ইহুদিবিদ্বেষ এবং ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে অবস্থান নিয়ে বিতর্ক রয়েছে।

গাজা যুদ্ধের সময় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছেন অসফ। তবে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের বিষয়ে সরাসরি হ্যাঁ বা না—কোনোটিই বলেননি তিনি। তাঁর এই অবস্থান ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল অংশের অনেকের প্রত্যাশা পূরণ করতে পারেনি।

ডেমোক্রেটিক পার্টির অভ্যন্তরীণ বিরোধে জড়িত বিভিন্ন পক্ষকে একই ছাতার নিচে নিয়ে আসতে পারাই ২০২৮ সালের নির্বাচনে দলটির মনোনয়নপ্রত্যাশীদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হয়ে উঠতে পারে।

এত ঝুঁকি ও চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও অসফকে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান ক্রমেই জোরালো হচ্ছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সাবেক উপদেষ্টা ও অভিজ্ঞ ডেমোক্রেটিক কৌশলবিদ হ্যাঙ্ক শেইনকফ মনে করেন, অসফ একজন আকর্ষণীয় প্রার্থী হয়ে উঠতে পারেন।

শেইনকফের ভাষায়, অসফ একজন মধ্যপন্থী নেতা। তিনি দক্ষিণাঞ্চলের একটি অঙ্গরাজ্যের প্রতিনিধিত্ব করেন। তাঁর বক্তব্যের ধরন বর্তমান সময়ের সঙ্গে মানানসই। তাঁকে দেখতেও একজন প্রেসিডেন্টসুলভ নেতা মনে হয়। সব মিলিয়ে তিনি সত্যিকারের একজন প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন। অনুবাদ: প্রথম আলো

তথ্যসূত্র: দ্য নিউইয়র্ক টাইমস, দ্য ওয়াশিংটন পোস্ট, দ্য ইনডিপেনডেন্ট, দ্য অবজারভার (যুক্তরাজ্য), লে মঁদ, দ্য আটলান্টা জার্নাল-কনস্টিটিউশন (এজেসি), দ্য ডেইলি বিস্ট, এপি ও পলিমার্কেট।​

মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়